প্রস্তাবিত নতুন নিরাপত্তা পরিষদ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে বিতর্ক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সম্ভাব্য সংস্কার প্রস্তাব নিয়ে সাধারণ পরিষদে বিতর্ক শুরু হয়েছে।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ আরও ছয়টি ও অস্থায়ী সদস্যপদ আরও চারটি বাড়ানোর দাবি সংক্রান্ত প্রস্তাবটি পাস হলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৫ টিতে গিয়ে দাঁড়াবে।
বার্তা সংস্থাগুলো জানায়, গ্র“প-৪ নামে পরিচিত জার্মানি, ব্রাজিল, জাপান ও ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা সম্পন্ন পাঁচ স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্সের কাতারের এসে দাঁড়াতে চায়। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা সমুন্নত রাখতে গ্র“প-৪ এর দেশগুলো বেশ কয়েক বছর ধরে দাবি জানিয়ে আসছে। ইতোমধ্যে তারা স্ব স্ব দেশের পক্ষে প্রচারণাও শুরু করেছে।
বার্তা সংস্থাগুলো আরও জানায়, প্রস্তাবটি পাসের ব্যাপারে চলতি সপ্তাহেই ভোটাভুটির আয়োজন করা হতে পারে। ব্রাজিল, জার্মানি, জাপান ও ভারত ছাড়া বাকি দু’টি সদস্য পদ আফ্রিকার জন্য বরাদ্দের কথাও প্রস্তাবে বলা হয়েছে। আফ্রিকান ইউনিয়নের সম্মেলনেও তাদের ভেটো ক্ষমতাসহ সদস্যপদ দেওয়ার দাবি জানানো হয়।
অবশ্য নিরাপত্তা পরিষদের সদস্য পদ বাড়ানোর ব্যাপারে ১৯১ টি সদস্য দেশের জাতিসংঘ ইতোমধ্যেই বিভক্ত হয়ে পড়েছে। ইউনাইটিং ফর কনসেনসাস নামের একটি সদস্য গ্র“প নিরাপত্তা পরিষদে ১০ টি অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাবকে সমর্থন জানালেও ওই গ্র“পের নেতৃস্থানীয় সদস্য জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের প্রতিনিধি মুনির আকরাম বলেছেন, নিরাপত্তা পরিষদের সদস্য বাড়ালে সুবিধাভোগীদের দলটি আরও বড় হবে।
জাতিসংঘে নিযুক্ত ব্রাজিলের প্রতিনিধি রোনাল্ডো মোতা সারডেনবার্গ বলেন, জাতিসংঘের প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত ক্ষমতার বাস্তবতায় অনেক পরিবর্তন এসেছে। আর তাই নিরাপত্তা পরিষদকে আরও কার্যকর করতে সংস্কার অত্যন্ত জরুরি।
তবে আসছে সেপ্টেম্বরে সদস্য দেশগুলোর শীর্ষ সম্মেলনের আগেই জাতিসংঘের সংস্কারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মহাসচিব কফি আনানের আহ্বান প্রস্তাব বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
