ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৬
ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে রোববার সকালে একটি সেনা নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে।
অপরদিকে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে আরেকটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে।
পুলিশের একজন মুখপাত্র কর্নেল ইয়াদীগার মোহাম্মদ বলেন, সকাল নয়টায় সুরক্ষিত গ্রীন জোন এলাকার একটি সেনা নিয়োগ কেন্দ্রে অপেক্ষমান লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনের মধ্যে বোমাটির বিস্ফোরণ ঘটে। এসময় ওই এলাকায় টহল কাজে কোনও পুলিশ মোতায়েন ছিলো না। একজন আত্মঘাতী বোমাবাজ লাইনে ঢুকে পড়ে বোমাটির বিস্ফোরণ ঘটায়।
এর আগেও এ কেন্দ্রে বেশ কয়েক দফা বোমা বিস্ফোরিত হলেও নিরাপত্তা ব্যাবস্থা জোরদার ছিল না।
