ইন্দোনেশিয়ায় ফেরিডুবিতে শতাধিক লোকের মৃত্যুর আশঙ্কা
ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় একটি যাত্রীবাহী ফেরিডুবিতে শতাধিক লোকের মৃত্যুর আশংকা করা হচ্ছে। ফেরিটি পাপুয়া প্রদেশের ম্যারাউক এলাকা থেকে তানা মারাহ এলাকার দিকে যাচ্ছিল।
ফেরিতে ৫০ জন লোক ছিলো বলে ফেরি কর্তৃপক্ষ উল্লেখ করেছে। কিন্তু ইন্দোনেশিয়ার সরকারি সূত্র জানায়, ওই সময় ফেরিতে কমপক্ষে দুই শতাধিক যাত্রী ছিল। ইতোমধ্যে দুজন ক্র্যু এবং ১৩ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকর্মীরা জানায়, রাজধানী জাকার্তা থেকে তিন হাজার আটশ’ কিলোমিটার পূর্বে ম্যারাউক থেকে ডিজেল চালিত ফেরিটি যাত্রী ও ভারি যন্ত্রপাতি নিয়ে তানা মারাহ এলাকার দিকে যাচ্ছিলো। খারাপ আবহাওয়ার কারণে ফেরিটির নিরাপত্তাজনিত যন্ত্রপাতি না থাকায় উত্তাল সাগরে ডুবে যায়।
স্থানীয় উদ্ধারকর্মী জোয়ানো জানান, ফেরির নিখোঁজ যাত্রীর সংখ্যা দুই শতাধিক হতে পারে। প্রবল বৃষ্টি ও ঢেউয়ের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
