লন্ডনে বোমা হামলায় ব্রিটিশ বংশদ্ভূতদের জড়িত থাকার সম্ভাবনা
যুক্তরাজ্যে দ্বিতীয়বারের মতো আঘাত হানা হতে পারে এমন আশংকার মধ্যে লন্ডন পুলিশের সাবেক প্রধান বলেছেন, বৃহস্পতিবারের বোমা হামলাকারীরা সম্ভবত ব্রিটিশ বংশদ্ভূত সন্ত্রাসী।
সাবেক মেট্রোপলিটন পুলিশ কমিশনার লর্ড স্টিভেনসের ধারণা, ব্রিটিশ বংশদ্ভূত বা ব্রিটেনে বসবাসরত তিন হাজার নাগরিক আল-কায়েদা ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছে। এদের মধ্য থেকেই এ হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করছেন।
লন্ডনে পাতাল রেলে বোমা বিস্ফোরণের ফলে প্রায় সাতশ’ জন আহত এবং এ পর্যন্ত প্রায় ৫০ জনেরও বেশি নিহতের সন্ধান পাওয়া গিয়েছে। কিংক্রসের নিচে বিধ্বস্ত ট্রেনে অনেক মৃতদেহ এখনও আটকা পড়ে আছে। তবে মৃতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এছাড়া আরও দুটি টিউব অল্ডগেইট স্টেশন ও এজওয়ার রোডে পড়ে আছে মৃতদেহ। উদ্ধার তৎপরতা খুবই ধীরগতিতে চলছে। দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সাথে তাদের ব্যথিত স্বজনদের জন্যও গীর্জায় চলছে প্রার্থনা।
উদ্ধারকাজ শেষ হতে সপ্তাহখানেক লেগে যেতে পারে বলে পুলিশ মনে করছে। বোমাগুলো যে হোমমেইড নয় এ ব্যাপারে পুলিশ নিশ্চিত হলেও ঠিক কী ধরণের বোমা ব্যবহৃত হয়েছে, সে ব্যাপারে এখনও তারা নিশ্চিত হতে পারেন নি।
তবে একটি বিষয়ে নিশ্চিত হওয়া গেছে যে, যুক্তরাজ্য এখন সন্ত্রাসীদের চূড়ান্ত হুমকির সম্মুখীন। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এ ধরনের হামলা আরও হতে পারে। তদন্তকাজে নিয়োগ করা হয়েছে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞ। ক্লোজ সার্কিট ক্যামেরাতেও ঘটনার সূত্র খোঁজা হচ্ছে।
পুলিশ কর্তৃপক্ষ বলছে, টিউবে সকাল ৮টা ৫০ মিনিটে মাত্র ৫০ সেকেন্ডের ব্যবধানে বোমাগুলো বিস্ফোরিত হয়েছে। টাইমিং ডিভাইসের সাহায্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আল-কায়েদার একটি ঘনিষ্ঠ দল আবু হাফস আল-মাসরি বাহিনী এ ঘটনার দায়িত্ব স্বীকার করেছে। যদিও তাদের এ দাবি নিয়ে সংশয় রয়েছে।
