২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি ৮ সম্মেলন: আবহাওয়া পরিবতর্নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে

স্কটল্যান্ডের গ্লিনিগ্লসে শুরু হয়েছে তিন দিনব্যাপী জি-৮ শীর্ষ সম্মেলন। বৃহস্পতিবার প্রথম পূর্ণ দিবস বৈঠকে আবহাওয়া পরিবর্তন ও বিশ্ব বাণিজ্যের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের সাথে অন্যান্য দেশের এ সংক্রান্ত কয়েকটি ব্যাপারে মতানৈক্য দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুশ কিয়োটো ধরণের কোন চুক্তিতে স্বাক্ষর করবেন না বলে জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 11:52 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

এদিকে এই সম্মেলনকে কেন্দ্র করে বুধবার পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এসময় ১৬০ জনকে আটক করা হয়। অচটেরারডারের নিকটবর্তী শহরে বিক্ষোভকারীদের মিছিল করতে না দেয়ায় এবং গ্লিনিগ্লস হোটেলে নিরাপত্তা বেষ্টনী ভঙ্গ করতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষে আরও একশ’ জনকে আটক করা হয়।

সম্মেলন কেন্দ্রের চারপাশে পুলিশী নজরদারি আরও জোরদার করা হয়েছে। প্রায় চার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।  যুক্তরাজ্যের ইতিহাসে এত বড় নিরাপত্তা ব্যবস্থা এর আগে গ্রহণ করা হয়নি।

১৮টি দরিদ্র দেশের ঋণ মওকুফ করার ব্যাপারে জি ৮ দেশগুলো সম্মত হয়েছে। প্রেসিডেন্ট বুশ আগামী পাঁচ বছরের জন্য আফ্রিকায় আর্থিক সহায়তা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে আফ্রিকাকে দেয়া হবে ৮ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে ২০১০ সালের মধ্যে শূণ্য দশমিক ৫৬ শতাংশ এবং ২০১৫ সালের মধ্যে শূণ্য দশমিক ৭ শতাংশ আর্থিক সহায়তা দেবে।

তবে বাণিজ্য বাধা দূর করার ব্যাপারে কোন সমঝোতা হয়নি।এমনকি আবহাওয়া পরিবর্তনের ব্যাপারেও কোন সুদূরপ্রসারী আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্র গ্রিন হাউজ গ্যাস উদ্গীরণের ব্যাপারে কিছু করতে না পারলেও পরিচ্ছন্ন প্রযুক্তি ব্যবস্থার প্রতি জোর দেয়ার প্রতিশ্রুতি দেয়।

যদিও ফ্রান্সসহ অন্যান্য দেশ এ ব্যাপারে চুক্তির জন্য চাপ দিচ্ছে। বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এ সংক্রান্ত বিভিন্ন দেশের  চিন্তা-ভাবনার পার্থক্যের বিষয়টি স্বীকার করেছেন। তবে  বিষয়টি আবহাওয়া পরিবর্তনের সাথে সম্পর্কিত বলে তিনি এ ধরণের চুক্তির ব্যাপারে চাপ দেয়ার চেষ্টা করবেন।

চ্যান্সেলর গর্ডন ব্রাউন বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধ করতে নতুন কৌশল গ্রহণের কথা বলেন, যা বাস্তবায়নের জন্য চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন বলে তিনি মনে করেন।