সংযুক্ত আরব আমিরাত উটের জকি হিসেবে শিশুদের ব্যবহার নিষিদ্ধ করেছে
আন্তর্জাতিক চাপের মুখে সংযুক্ত আরব আমিরাত উটের জকি হিসেবে শিশুদের ব্যাবহার নিষিদ্ধ করেছে। দেশটির ঐতিহ্যবাহী খেলা উটের দৌড় প্রতিযোগিতা নিয়ে মাতামাতি থাকলেও উটের ওপর জকি হিসেবে শিশুদের ব্যাবহার করা হয়। তৃতীয় বিশ্বের গরীব দেশগুলো থেকে এসব শিশুদের নিয়ে যাওয়া হয়।
আমিরাতের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ডব্লিউএএম জানায়, শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এক ডিক্রি জারি করে জকি হিসেবে শিশুদের ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে। ডিক্রিতে বলা হয়, ‘উটের দৌড় প্রতিযোগিতায় কোনক্রমেই ১৮ বছরের কম বয়সীদের জকি হিসেবে ব্যবহার বরা যাবে না। আইন অমান্যকারীদের তিন বছরের কারাদ- অথবা ১৩ হাজার ছয়শ’ ডলার জরিমানা ভোগ করতে হবে।’
জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার গোষ্ঠি আমিরাত এবং উপসাগরীয় বিভিন্ন দেশে খেলার নামে শিশুদের নিয়ে এ নৃশংসতার তীব্র সমালোচনা করে আসছে। জাতিসংঘের জরিপ অনুযায়ী আনুমানিক তিন হাজার শিশুকে উটের জকি হিসেবে ব্যবহার করা হয়।
মানবাধিকার কর্মীরা জানান, উপসাগরীয় অঞ্চলে উটের জকি হিসেবে ব্যবহারের জন্য প্রায় ৪০ হাজার শিশুকে তাদের দরিদ্র পিতামাতার কাছ কিনে আনা হয়েছে কিংবা তাদেরকে বিভিন্ন দেশ থেকে অপহরণ করে পাচার করা হয়েছে।
