ইরানের প্রেসিডেন্ট মার্কিন নাগরিক অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা প্রত্যাখ্যান করেছেন
ইরানের কট্টরপন্থি প্রেসিডেন্ট আহমাদিনেজাদ ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের সময় ইরানে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে মার্কিন নাগরিকদের অপহরণ এবং হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ অভিযোগ মনগড়া ও ভিত্তিহীন। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থার বরাত দিয়ে বিভিন্ন বার্তাসংস্থা একথা জানায়। সোমবার যুক্তরাষ্ট্রের অভিযোগ নিয়ে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ পার্লামেন্ট সদস্যদের সাথে বৈঠক করেছেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। আমি তাদের জানাতে চাই যে, ইরানের প্রতি আপনাদের মনোভাব পরিবর্তন করুন।
আহমাদিনেজাদ বলেন, পশ্চিমা বিশ্বের এরকম ভিত্তিহীন সংবাদ প্রচারের ফলে তাদের গোয়েন্দা তথ্য সরবরাহের ক্ষমতা এখন প্রশ্নের সম্মুখীন।
১৯৭৯ সালে ইরানে আমেরিকান দূতাবাস থেকে মার্কিন কর্মকর্তাদের অপহরণের ঘটনায় ইরানের নতুন প্রেসিডেন্ট জড়িত রয়েছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল। অবশ্য ওই ঘটনায় অপহরণকারীরা জানিয়েছে, আহমাদিনেজাদ অপহরণের ঘটনায় জড়িত ছিলেন না।
