ধনী দেশগুলোর সহানুভূতি নয়, সহযোগিতা চেয়েছে আফ্রিকা
আফ্রিকান ইউনিয়নের (এইউ) চেয়ারম্যান ওলোসেগান ওবাসানজো স্কটল্যান্ডে অনুষ্ঠিতব্য জি-৮ সম্মেলনে অংশগ্রহণকারী ধনী দেশগুলোর উদ্দেশে সোমবার বলেন, দারিদ্র্যের বিপক্ষে লড়াইয়ে আমাদের ব্যাপক আর্থিক সহযোগিতা প্রয়োজন, সহানভূতি নয়।
আফ্রিকান দেশগুলোর প্রতি ধনী দেশগুলোর শর্তাধীন সাহায্য প্রত্যাখ্যানে স্বাগতিক দেশ লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফির আহ্বানের জবাবে ওবাসানজো ধনী দেশগুলোর প্রতি এ আহ্বান জানান।
লিবিয়ার সিরতিতে ৪ জুলাই ৫৩ জাতি আফ্রিকান ইউনিয়ন সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে ভাষণদানকালে জাতিসংঘের মহাসচিব কফি আনান বলেন, গণহত্যাকারী, যুদ্ধাপরাধী এবং জাতিগত শুদ্ধি অভিযানকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কোনও সরকার ব্যর্থ হলে অন্য দেশ এগিয়ে এসে সেদেশের জনগণকে রক্ষার চেষ্টা চালাতে পারে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওবাসানজো আফ্রিকান ইউনিয়নের অর্ধ-বার্ষিক সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে বলেন, ১৪ টি দেশের ঋণ মওকুফের যে ঘোষণা দেওয়া হয়েছে তার পরিধি জি-৮ সম্মেলনে আরও বাড়বে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, বর্তমানে আফ্রিকার চিত্র হচ্ছে ধীরগতির উন্নয়ন এবং দারিদ্র্য ও বেকারত্ব দ্রুত বৃদ্ধি।
ওবাসানজো বলেন, বিগত দিনে আফ্রিকার কিছু অসৎ ও দুর্নীতিবাজ নেতা বিপুল পরিমাণ অর্থ লুট করে পাশ্চাত্যের দেশগুলোতে মজুদ করেছে। হাজার হাজার বিলিয়ন ডলারের এ অর্থ ফেরৎ দিতে হবে।
কূটনীতিকরা মনে করেন, আফ্রিকান ইউনিয়নের সম্মেলনের মধ্য দিয়ে সে মহাদেশের নেতারা জি-৮ নেতাদের কাছে আফ্রিকার ৮০ কোটি মানুষের ক্ষুধা, দারিদ্র, যুদ্ধ এবং রোগ-মহামারি থেকে রক্ষার আহ্বান জানাতে চায়।
