কসভোর রাজধানীতে তিন দফা বিস্ফোরণ
কসভোর রাজধানীর কেন্দ্রস্থলে শনিবার কমপক্ষে তিন দফা বোমা বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি বোমা হামলা চালানো হয় জাতিসংঘ সদর দপ্তরকে কেন্দ্র করে।
হতাহতের কোনও সংবাদ জানা না গেলেও জাতিসংঘের গাড়ি পার্কিং স্থানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
জাতিসংঘ কম্পাউন্ড থেকে ১০০ মিটার দূরে অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই) ভবনে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে।
তৃতীয় বোমা হামলাটি চালানো হয় কসভোর একটি সরকারি ভবনে। এখানে প্রাদেশিক পার্লামেন্ট অবস্থিত।
পরপর তিনটি বোমা হামলা কি কারণে ঘটেছে তার কোন সদুত্তর দিতে পারেননি জাতিসংঘের মুখপাত্র হোয়াও জিয়াং।
কসভো ১৯৯৯ সাল থেকে জাতিসংঘ মিশন দ্বারা শাসিত হয়ে আসছে। ন্যাটো পরিচালিত শান্তিরক্ষী বাহিনী সেখানে টহল দিয়ে বেড়াচ্ছে। প্রদেশটিতে দীর্ঘদিন ধরে জাতিগত দাঙ্গা চলছে এবং সংখ্যাগরিষ্ঠ আলবেনিয়ানরা স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। কিন্ত সার্বরা এর বিরোধিতা করে। তারা চায় আলবেনিয়া সার্বিয়া-মনটেনেগ্রোর অংশ হিসেবেই থাকুক।
জাতিসংঘের মহাসচিব কফি আনান কসোভার গণতান্ত্রিক পরিস্থিতি, সংখ্যালঘুদের অধিকার এবং আইনের শাসনের কতটুকু অগ্রগতি হয়েছে সে ব্যাপারে একটি রির্পোট প্রদানের জন্য গত মাসে একজন উর্ধ্বতন নরওয়ে কূটনীতিক কাই ঈদিকে নিয়োগ দেন। ঈদি গত শুক্রবার দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালনে কসোভা আসার পর এ বোমা হামলার ঘটনা ঘটল।
