সৌভাগ্যবান এক কেনিয়ান
ব্রিটেনে প্রবেশ করতে না দেবার প্রতিবাদে নাইরোবির আন্তর্জাতিক বিমান বন্দরে এক বছর ধরে আসনগাড়া এক কেনীয় নাগরিক শেষ পর্যন্ত যুক্তরাজ্যের নাগরিকত্ব লাভ করেছেন। তিনি খুব শিগগিরই সেখানে উড়াল দেবেন।
সঞ্জয় শাহ (৪৩) নামের এই কেনীয় নাগরিক গত বছরের মে মাস থেকে বিমান বন্দরের ক্যাফেতে খেয়ে, ট্রানজিট লাউঞ্জের প্লাস্টিক চেয়ারে ঘুমিয়ে এবং অ্যারাইভাল হল টয়লেটে গোসল করে কাটিয়েছেন।
সকালে তার ঘুম ভাঙ্গতো প্রথম ফ্লাইটের নিরাপদে অবতরণ সংক্রান্ত ঘোষণা শুনে।
শাহ একটি বার্তা সংস্থাকে বলেন, যেনো এটি আমার দ্বিতীয় বাড়ি। সকল স্টাফ আমাকে চেনে-জানে, তারা খুবই বন্ধুবৎসল।
তিনি আরও বলেন, কিন্তু মোটেই সুবিধার ছিলো না এ জীবন। চেয়ারগুলো ঘুমানোর জন্য আরামদায়ক নয় এবং খাবারদাবারও বাজে।
শাহ’র যখন জন্ম হয়, তখন কেনিয়া ছিলো ঔপনিবেশিক শাসনাধীন। সে সূত্রে তিনি ওভারসিজ সিটিজেন পাসপোর্টের অধিকারী।
ইংল্যান্ডে যাবার সময় তার কাছে রিটার্ন টিকেট এবং পর্যাপ্ত অর্থ না থাকায় তাকে ফেরত পাঠানো হয়।
শাহকে নীতিগতভাবে পূর্ণ নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ হাই কমিশন। এটি কার্যকর হবে ১২ জুলাই।
দূতাবাসের মুখপাত্র মার্ক নর্টন এটি নিশ্চিত করেন। তবে তার প্রতিবাদের কারণেই এ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে বলে জানানো হয়।
শাহ জানায়, ১২ জুলাই’র আগ পর্যন্ত তিনি বিমান বন্দরেই থাকবেন।
তিনি বলেন, ‘লন্ডনে আমি আমার বোনের বাসায় থাকবো এবং একটি কাজ জুটিয়ে নেবো। এরপর সপরিবারে নতুন জীবন শুরু করবো।
