ইরাকে গত ৬ মাসে জঙ্গি তৎপরতায় ৮ হাজারেরও বেশি ইরাকি নিহত, বিস্তারিত
ইরাকে গত ৬ মাসে জঙ্গি হামলায় আট সহস্রাধিক ইরাকি নিহত হয়। ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহতদের অধিকাংশই সেদেশের সাধারণ নাগরিক এবং পুলিশ ও সেনা সদস্য রয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে বলা হয়েছে, ২০০৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩০৭ জন মার্কিন সৈন্য ইরাকে নিহত হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী বাকির জব্বার বলেন, জঙ্গিরা বিচ্ছিন্ন হামলা চালিয়ে ৮,১৭৫ জনকে হত্যা করেছে, আহত হয়েছে ১২,০০০। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইরাকে জঙ্গিদের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযান বেশ সাফল্য পেয়েছে। ইরাকি নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ঘেরাও করে ফেলেছে। পরিকল্পনা অনুযায়ীই সবকিছু এগুচ্ছে। আরও হয়তো কয়েকমাস সময় লাগবে তবে সুফল আসবেই।”
বেসরকারি হিসাব অনুযায়ী ইরাকে সাধারণ নাগরিক নিহতের সংখ্যা আনুমানিক ২২,০০০। ওয়াশিংটন পোস্টের একটি স্বতন্ত্র জরিপ রিপোর্টে নিহতের সংখ্যা লক্ষাধিক বলে উল্লেখ করা হয়েছে।
জব্বার বলেন, ‘অপারেশন লাইটিং’ অভিযান শুরুর পর বাগদাদের চারপাশ থেকে দেড় হাজার জঙ্গিকে আটক করা হয়। পরে ৫০০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাগদাদের ৬০ কিলোমিটার (৩৮ মাইল) বেস্টনীর মধ্যে ইরাকি এবং মার্কিন বাহিনী আরেকটি অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।
তিনি মনে করেন ইরাকে পর্যাপ্ত মার্কিন সৈন্য মোতায়েন আছে। তবে ইরাকি সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের আরও প্রশিক্ষণ প্রয়োজন।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, জঙ্গিদের প্রধান লক্ষ্যই হচ্ছে ইরাকি পুলিশ এবং জনসাধারণ। ইরাকে বর্তমানে ৬৭ হাজার পুলিশ রয়েছে। তবে এ সংখ্যা বাড়িয়ে ২ লাখ পর্যন্ত বাড়ানোর ইচ্ছা রয়েছে সরকারের। কিন্তু অস্ত্র এবং যন্ত্রপাতিসহ নিয়োগদানের ব্যয় সংকুলান করার মতো আর্থিক সঙ্গতি না থাকায় বিলম্বিত হচ্ছে।
