আফ্রিকায় সাহায্য দ্বিগুন করার ব্যাপারে বুশের পরিকল্পনা
প্রেসিডেন্ট জর্জ ডব্লি¬উ বুশ পরবর্তী পাঁচ বছরের মধ্যে আফ্রিকায় মার্কিন সাহায্য দ্বিগুন করার প্রস্তাব করেছেন।
তিনি বলেন আফ্রিকার নেতারা যদি সততার সাথে সরকার পরিচালনা করেন এবং আইনের শাসন কায়েম করেন তাহলেই এটা হতে পারে।
আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জি-৮ সম্মেলনের ব্যাপারে তার আগ্রহের কথা ব্যক্ত করে তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর জন্য এখন চরম দারিদ্র্য পীড়িত আফ্রিকায় সাহায্য পাঠানোর একটা ভাল সুযোগ এসেছে।
কিন্তু সম্মেলনের মূল ইস্যু আবহাওয়া পরিবর্তন। তিনি এ ব্যাপারে সমঝোতার কোনও ইঙ্গিত দেননি।
প্রেসিডেন্ট বুশ বলেন, যুক্তরাষ্ট্র ২০১০ সালের মধ্যে এই অঞ্চলে সাহায্যের পরিমান দ্বিগুন করবে। তবে তিনি অর্থ সাহায্যের ব্যাপারে সুশাসন পরিচালনাকে মূল বিবেচ্য বিষয় বলে জানিয়েছেন।
তিনি বলেন, এক্ষেত্রে প্রাথমিকভাবে সংস্কারকামী দেশগুলোর প্রতিই দৃষ্টি দেওয়া হবে।
মার্কিন সরকারের সাহায্য পশ্চিমা অনেক দেশের সাহায্যের চেয়ে অনেক কম হলেও দেশটির বেসরকারি সাহায্যের পরিমান অনেক বেশি।
বুশ তার বক্তব্যে আরও বলেন, আফ্রিকার দেশগুলোকে বাণিজ্যে উৎসাহিত করতে হবে।
বুশের এই বক্তব্যের পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্সিয়াল মুখপাত্র ভেকি খুমালো বলেন, তিনি প্রেসিডেন্ট বুশের এই ঘোষণায় অত্যন্ত খুশি। তিনি বলেন, আমরা যা চাই এটি তারই আভাস।
