২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরুষের খৎনা এইডসের ঝুঁকি কমায়

পুরুষের খৎনা উল্লেখযোগ্য হারে নারী থেকে পুরুষে এইডস ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমিয়ে দেয়। দক্ষিণ আফ্রিকায় পরিচালিত গবেষণা শেষে ফ্রান্সের কয়েকজন গবেষক মঙ্গলবার এ ঘোষণা দেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

গবেষকরা বলেন, বিপরীত লিঙ্গের মধ্যে যৌনাচারের ক্ষেত্রে খৎনার কারণে পুরুষের এইডস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি শতকরা ৬৫ ভাগ হ্রাস পায়।

ফ্রান্সের ন্যাশনাল এইডস রিসার্চ এজেন্সির তত্ত্বাবধানে পরিচালিত গবেষণার সমন্বয়কের দায়িত্ব পালন করেন ড. বার্টান্ড ওভার্ট। তিনি বলেন, খৎনা পুরুষের এইডসের ঝুঁকি কমায় কি না, এ ব্যাপারে সব সময়ই সন্দেহ ছিল। তবে এই প্রথমবারের মত একটি গবেষণা দ্বারা ধারণাটিকে প্রতিষ্ঠা করা গেলো।

বুধবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে এইচআইভি প্যাথোজেনেসিস ও চিকিৎসার উপর তৃতীয় আন্তর্জাতিক এইডস সোসাইটির কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে ড. বার্টান্ড তাদের গবেষণায় প্রাপ্ত ফলাফল তুলে ধরেন।

২০০২ ও ২০০৫ সালের মধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সী তিন হাজারেরও বেশি সুস্থ ও যৌনকাজে সক্রিয় পুরুষের উপর গবেষণা পরিচালনা করা হয়। গবেষণাটি করা হয় দক্ষিণ আফ্রিকার ওরেঞ্জ ফার্মে। এই এলাকার ৩২ শতাংশ মহিলা এইচআইভি ভাইরাস বহন করছে বলে ওরেঞ্জ ফার্মকে বেছে নেয়া হয়।

গবেষণার জন্য তিন হাজার পুরুষের প্রায় অর্ধেককে মেডিকেল বিশেষজ্ঞদের দ্বারা খৎনা করিয়ে নেয়া হয়। বাকিদের খৎনা করা হয়নি।

তাদের সবাইকে এইডস প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন উপায় জানিয়ে দেয়া হয়েছিল। কিন্তু মাত্র ২১ মাস পরে দেখা যায়, খৎনা করা হয়নি, এমন ৫১ জন পুরুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে খৎনাকারীদের মধ্যে মাত্র ১৮ জন এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে।

গবেষণার ফলাফলের প্রেক্ষিতে ড. বার্টান্ড বলেন, পুরুষের খৎনা প্রতি ১০ জনের মধ্যে ছয়/সাত জনের এইচআইভি ভাইরাসে আক্রান্ত হওয়া প্রতিরোধ করে।

তবে এটি দীর্ঘমেয়াদি সুফল দেবে কি না, সে ব্যাপারে গবেষকরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তারপরও এ গবেষণা বিশেষ আশা দেখাতে সক্ষম হয়েছে।

ড. বার্ট্রান্ড জানান, খৎনার কার্যকারিতা পরীক্ষা করে দেখার জন্য আরও তিনটি গবেষণা চালানো হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক পরিচালক ড. চার্লস গিল্কস বলেন, এই গবেষণার ফল খুবই আশাজনক। খৎনার পুরো সুফল ভোগ করতে চাইলে আমাদেরকে বৃহত্তর পর্যায়ে তা কাজে লাগাতে হবে। অন্যান্য গবেষণার ফলাফলের দিকেও আমাদের নজর দিতে হবে।

তবে ড. গিল্কস আশংকা করছেন, খৎনা নিরাপদ ভেবে অনেকেই খৎনা করে অবাধ যৌনকার্যে সম্পৃক্ত হবেন। তারা এইডসের ব্যাপারে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের অর্থায়নে আফ্রিকার উগান্ডায় পাঁচ হাজার পুরুষের উপর একটি গবেষণা পরিচালিত হচ্ছে। ২০০৭ সালের প্রথম দিকে ঐ গবেষণার ফল পাওয়া যাবে বলে গবেষকরা আশা করছেন।