রাশিয়া-চীন যৌথ ঘোষণা স্বাক্ষরিত হচ্ছে
ক্রেমলিনে শুক্রবার চীন-রাশিয়া শীর্ষ সম্মেলনে বিশ্ব ব্যবস্থা বিষয়ক যৌথ ঘোষণা স্বাক্ষরিত হচ্ছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র একজন কর্মকর্তা জানান, চীনের নেতা হু জিনতাও শুক্রবার মস্কোয় আসছেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে তার বৈঠকে যৌথ ঘোষণা স্বাক্ষরিত হবে। কমিউনিস্ট চীন ও রাশিয়ার মধ্যে একসময় বৈরি সম্পর্ক ছিলো।
২১ শতকের নতুন বিশ্ব ব্যবস্থা তৈরিতে এই দুই নেতার যৌথ বিবৃতিকে বিশেষ গুরুত্বের চোখে দেখছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের শীর্ষ কর্মকর্তারা।
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মূখপাত্র আলেকজান্ডার ইয়াকোভেনকো সরকারী একটি পত্রিকায় তার লেখায় বলেছেন, যৌথ ঘোষণা স্বাক্ষরের মধ্য দিয়ে আধুনিক বিশ্ব ব্যবস্থায় মানব উন্নয়নের ব্যাপারে রাশিয়া ও চীনের মৌলিক অবস্থান প্রতিফলিত হবে।
এই ঘোষণা একটি নিরপেক্ষ ও যৌক্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে পুতিন সরকারের অঙ্গীকার নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক রাজনীতিতে জাতিসংঘের ভূমিকা বাড়াবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া যৌথ ঘোষণার মাধ্যমে দেশ দু’টি বিশ্ব পরিক্রমায় একচ্ছত্র আধিপত্য অস্বীকার করার পাশাপাশি জাতিসংঘের অধীনে থেকে নতুন হুমকি ও চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নতুন নিরাপত্তা কাঠামো তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করবে।
