শীর্ষ সন্ত্রাসীদের নতুন তালিকা ঘোষণা করেছে সৌদি আরব
আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর সাথে যোগসাজসে দুই বছর আগে সৌদি আরবে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার অভিযোগে সৌদি কর্তুপক্ষ দেশের ভিতর এবং বাহিরের সন্দেহভাজন ৩৬ শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন মাত্রার সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত সন্দেহভাজনদের সর্বশেষ তালিকায় যারা রয়েছে তাদের ছবি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করা হলো। ২০০৩ সালের মে মাসে সৌদি আরবে পশ্চিমা দেশগুলোর লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমাবাজি এবং গুলিবর্ষণের পর থেকে আল কায়েদার সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেদেশের সরকার। ঐ হামলায় ৯০ জন সৌদি সাধারণ নাগরিক, ৪২ জন নিরাপত্তা সদস্য এবং ১১২ জঙ্গি বন্দুকযুদ্ধে নিহত হয়।
তালিকাভুক্ত ৩৬ সন্দেহভাজন জঙ্গির মধ্যে ২৯ জন সৌদি নাগরিক এবং ৭ জন বহিরাগত। শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে একজন মরক্কোর নাগরিকসহ ১৫ জন এখনও সৌদি আরবেই রয়েছে বলে আশংকা করা হচ্ছে। তিনজন কানাডিয়ান এবং কুয়েত, মৌরিতানিয়া ও ইয়েমেনের একজন করে জঙ্গিসহ ২১ জন দেশের বাইরে অবস্থান করছে বলে সূত্র জানায়। তেল সমৃদ্ধ দেশটি সৌদি বংশোদ্ভূত ওসামা বিন লাদেনের যে কোন হুমকি থেকে মুক্ত থাকতে তৎপরতা অব্যাহত রেখেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
