২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজ চার্লসের সন্তান প্রমাণ করতে হ্যারির ডিএনএ টেস্ট

প্রয়াত প্রিন্সেস ডায়নার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই রাজবধূ হওয়ার পরও তাকে সন্দেহের দৃষ্টিতে দেখত ব্রিটেনের রাজ পরিবার। সন্দেহের দৃষ্টি গিয়ে পড়েছিল তার ছোট ছেলে প্রিন্স হ্যারির প্রতিও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 01:09 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

একজন সেনা কর্মকর্তার সাথে অবৈধ প্রণয়ে জড়িত থাকায় প্রিন্স হ্যারিকে তাদের সন্তান হিসেবে সন্দেহ করেছিল রাজ পরিবার। এ সঙ্কট দূর করতে ছোট ছেলের রক্ত পরীক্ষার জন্য প্রিন্সেস ডায়নার উপর চাপ সৃষ্টি করা হয়।

ডায়না ১৯৯৭ সালে গাড়ী দুর্ঘটনায় মারা যান। কিন্ত হ্যারির রক্ত কেন নেওয়া হয়েছিল এ ব্যাপারে জীবিতাবস্থায় ডায়না কখনও মুখ খুলেনি। প্রিন্সেসের সাবেক ঘনিষ্ঠ বন্ধু এবং আস্থাভাজন ব্যক্তি সাইমন সিমন্স-এর বই থেকে উদ্ধৃতি দিয়ে লন্ডনের সান পত্রিকায় এ তথ্য জানায়।

ডায়নার গর্ভের দ্বিতীয় সন্তান ১৯৮৪ সালের সেপ্টেম্বরে জন্ম নেওয়া হ্যারির সত্যিকারের পিতা চার্লস নয় বলে বিশ্বাস করতেন রাণী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপসহ রাজপরিবারের শীর্ষ স্থানীয় অনেক সদস্যই।

সেনা কর্মকর্তা মেজর জেসম হেউইট-এর সাথে আগে ডাযনার রোমাঞ্চকর সর্ম্পক ছিল। এ সূত্র ধরেই হ্যারিকে নিয়ে সন্দেহের দানা এবং গুজব চাগার দিয়ে ওঠে। হেউইট-এর মতো হ্যারির লাল চুল সন্দেহের যৌক্তিকতা প্রমাণে সহায়তা করে।

ডায়না ১৯৯৫ সালে এক টেলিভিশন সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে, হেউইট-এর সাথে তার সুসর্ম্পক ছিল। তবে সাইমন বলেন, সামরিক কর্মকর্তার সাথে যে সময়কার সর্ম্পকের কথা বলা হয়েছে তাতে কোনোভাবেই হ্যারির পিতৃত্ব দাবী করার মতো উপযুক্ত সময় বলে মেনে নেওয়া যায় না।

এরপরও পিতৃত্ব প্রমাণের জন্য হ্যারি ও তার বড় ভাই প্রিন্স উইলিয়ামের ডিএনএ টেস্ট করতে ডায়নাকে বাধ্য করা হয়েছিল বলে সান জানায়।

ডিএনএ টেস্টে প্রমাণিত হয় যে, উইলিয়াম এবং হ্যারি চার্লস-ডায়নার ঔরসজাত সন্তান এবং ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী। প্যারিসে দুর্ঘটনায় মৃত্যুর এক বছর আগেই ডায়নার বিবাহ-বিচ্ছেদ ঘটে।

ব্রিটিশ টেবলয়েড সান পত্রিকায় সাইমন্সের “ডায়না: দি লাস্ট ওর্য়াড” বইটি ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।