ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের ত্যাগ বৃথা যায়নি: বুশ
ইরাকে নব গঠিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের এক বছর পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ত্যাগ বৃথা যায়নি।
এ পর্যন্ত ইরাক যুদ্ধে প্রায় এক হাজার ৭শ’ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হওয়ায় বুশ কিছুটা চাপের মুখে রয়েছেন। ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে আমেরিকার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য তা প্রয়োজন ছিল।
সাক্ষাৎকারে তিনি বলেন, ইরাকে সংঘর্ষের ব্যাপারে আমি জানি আমেরিকানরা প্রশ্ন তুলেছে যে, এই ত্যাগের মূল্য কি? এর মূল্য রয়েছে। এটা আমাদের দেশের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
এদিকে ইরাকি সরকার মঙ্গলবার আগামী দু’ বছরের মধ্যে ইরাকে গেরিলা তৎপরতা বন্ধ করতে পারবেন বলে মনে করলেও বুশ এ ধরনের কোন চূড়ান্ত সময়সীমা বেধে দিতে অস্বীকৃতি জানান।
বুশ বলেন, ইরাকে এখনও অনেক কাজ বাকি রয়েছে এবং এ জন্য আমেরিকাকে আরও কঠোর সময় পার করতে হবে।
তিনি আরও বলেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমেরিকা হাল ছাড়বে না।
