২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে কারাবন্দীর সংখ্যা বাড়ছে, শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র

সর্বোচ্চ সংখ্যক অপরাধীকে কারাবন্দী করার মাধ্যমে শীর্ষে অবস্থান করে যুক্তরাষ্ট্র পেছনে ফেলে দিয়েছে রাশিয়া ও বেলারাসকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 02:52 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

লন্ডনের কিংস কলেজের ইন্টারন্যাশনাল সেন্টার ফর প্রিজন স্টাডিজ-এর এক সমীক্ষায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রতি এক লাখ লোকের মধ্যে ৭১৪ জন কারাগারে আটক থাকে। দু’হাজার সাল থেকে এই তালিকার শীর্ষে অবস্থান করছে দেশটি।

বিশ্বে মোট ৯ মিলিয়ন বন্দী রয়েছে। এর মধ্যে ২২ শতাংশই যুক্তরাষ্ট্রে কারাবন্দী।

রাশিয়ায় কারাবন্দীর সংখ্যা ৭ লক্ষ ৮৬ হাজার ৯শ’। অর্থাৎ প্রতি ১ লাখে বন্দীর সংখ্যা ৫৫০ । বন্দী সংখ্যার দিক থেকে ইউরোপে সর্বোচ্চ স্থানে রয়েছে রাশিয়া।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপভুক্ত দেশ লুক্সেমবার্গ। সেখানে প্রতি ১ লাখের মধ্যে ১৪৪ জন কারাবন্দী রয়েছে। বন্দী সংখ্যার দিক থেকে লুক্সেমবার্গ ইংল্যান্ড ও ওয়েলসের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে আছে।

তবে ইউরোপের অন্যান্য দেশের চেয়ে বেলারাস ও ইউক্রেনে বন্দী সংখ্যা বেশ চোখে পড়ার মত। বেলারাসে প্রতি ১ লাখের মধ্যে ৫৩২ জন এবং ইউক্রেনে প্রতি ১ লাখে ৪১৬ জন কারাবন্দী রয়েছে।

অন্যদিকে এশিয়ার মধ্যে তুর্কেমেনিস্তানে এই হার সবচে বেশি। জাতিসংঘের দু’হাজার সালের এক রিপোর্ট অনুযায়ী সেখানে প্রতি ১ লাখের মধ্যে ৪৮৯ জন এবং মালদ্বীপে প্রতি ১ লাখে ৪১৪ জন জেল খাটে।

আফ্রিকার মধ্যে সবচে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ৪ কোটি ৪০ লাখ জনঅধ্যুষিত দেশটিতে কারাবন্দী মানুষের সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৭৩৯ বা প্রতি ১ লাখে ৪১৩ জন।

দক্ষিণ আমেরিকার সুরিনামে প্রতি ১ লাখে ৪৩৭ জন বন্দী জেলে রয়েছে ।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর প্রিজন স্টাডিজ বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য সংগ্রহ করেছে।