২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেপাটাইটিস ভ্যাকসিনের ভুল প্রয়োগ, চীনে ৩ স্বাস্থ্যকর্মী আটক

পূর্বচীনের আনহুই প্রদেশে হেপাটাইটিস এ ভ্যাকসিন ভুল প্রয়োগের ফলে এক স্কুলছাত্রের মৃত্যু এবং ১২০ জন অসুস্থ হওয়ার ঘটনায় তিন স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 12:15 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানায়, গত ১৬ ও ১৭ জুন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আনহুই প্রদেশের ১৭টি গ্রামের ১৯টি স্কুলের আড়াই হাজার ছাত্রছাত্রীকে হেপাটাইটিস এ ভ্যাকসিন দেওয়া হয়। এর ফলে কমপক্ষে ১২০ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। দাঝুয়াং টাউনশিপের সুইলিউ প্রাথমিক বিদ্যালয়ের লি উই (৬) হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যায়। ভ্যাকসিন প্রয়োগের পর তার শরীরে মারাত্মক ইনফেকশন সমস্যা এবং শ্বাসকষ্ট দেখা দেয়। অসুস্থদের মধ্যে আরও ২০ জনের অবস্থা আশংকাজনক।

পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দাঝুয়াং টাউনশিপ হাসপাতালের পরিচালক জু সিমিন, দাঝুয়াং টাউনশিপ হাসপাতালের পরিচর্যা ও মহামারী প্রতিরোধ বিভাগের প্রধান হু হুয়াফেং এবং স্বাস্থ্যকর্মী ঝু শিকাইকে আটক করেছে।

সরকার নিহত লি উই পরিবারকে ৯০ হাজার ইউয়ান ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।