ইরাক বিদ্রোহ দমনে এক যুগ সময় লাগতে পারে: রামসফেল্ড
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড বিদ্রোহী দমন এবং ইরাকি জনগণের বিজয় নিশ্চিত করতে আরও কয়েক বছরের জন্য ইরাকে মার্কিন বাহিনী রাখতে হবে বলে রবিবার মতামত ব্যক্ত করেছেন। তার মতে ইরাকি বিদ্রোহ নির্মূলে এক যুগ সময় লেগে যেতে পারে।
সম্প্রতি এবিসি নিউজের এক জরিপে দেখা গেছে, শতকরা ৬৫ জন মনে করে ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঠিক পরিকল্পনার অভাব রয়েছে। এছাড়াও ইরাকে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের ব্যাপারে মার্কিন জনগণের সমর্থন ক্রমেই কমে আসার চিত্রও ফুটে উঠে এই জরিপে।
এদিকে রামসফেল্ড আগামী ডিসেম্বরে ইরাকে স্থায়ী সরকারগঠনের লক্ষ্যে অনুষ্ঠেয় নির্বাচনকে লক্ষ্য করে বিদ্রোহীদের সহিংসতার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, তারা ইরাকে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চান, যাতে করে ইরাকি জনগণ ও ইরাকি নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে জয়ী হতে পারে।
তিনি ইরাক যুদ্ধকে নেতিবাচকভাবে উপস্থাপন করার জন্য গণমাধ্যমগুলোর সমালোচনা করেন।
ইরাকে বিদ্রোহ পাঁচ থেকে ১২ বছর পর্যন্তও চলতে পারে এমন সতর্ক বাণী দিয়ে তিনি জরিপ নিয়ে জনগণকে মাথা না ঘামানোর পরামর্শ দেন।
