নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ভারতকে যুক্তরাষ্ট্রের সমর্থন
যুক্তরাষ্ট্র জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ভারত উপযুক্ত প্রার্থী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য পদ বাড়ানো নিয়ে মন্তব্য করার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সমর্থন ব্যক্ত হল।
কন্ডোলিজা রাইস নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনে দুটি পদ বাড়ানোর পক্ষে মত দেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের দুটি আসনের মধ্যে একটিতে জাপানকে সমর্থন দেওয়ার পর এশিয়ার আরেকটি দেশ হিসেবে ভারতের নিরপত্তা পরিষদের সদস্য পদ পাওয়া দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছিলো। কিন্তু নয়াদিল্লি সফরকালে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ভারত উপযুক্ত প্রার্থী। কিন্তু এশিয়া থেকে একাধিক প্রার্থী হতে পারবে না।
নিকোলাস বার্নস বলেন, বৃহৎ জনসংখ্যা ও গণতন্ত্রের দেশ হিসেবে যুক্তরাষ্ট্র যে কোনো দেশকে নিরাপত্তা পরিষদের সদস্য পদে সমর্থন দিতে আগ্রহী। এছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শক্তিশালী অবস্থান রয়েছে।
ভারত সফরকালে নিকোলাস বার্নস বলেন, অবশ্য এটা সত্য যে, যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভে আগ্রহী দ্বিতীয় কোন দেশের প্রতি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এ ব্যাপারে চড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
বার্নস জাপানকে নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভে সমর্থন দেওয়ার পর জি-৪ গ্রুপের মধ্যে কোনো ধরনের মতভেদ সৃষ্টি করার কথা প্রত্যাখ্যান করেন।
