উচ্চ পর্যায়ের আলোচনা শেষে সিউল ত্যাগ করেছে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল
উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচী নিয়ে যে উত্তেজনা বিরাজ করছে তা নিরসনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে এবং দক্ষিণ কোরিয়ার সাথে সর্ম্পকোন্নয়ন ঘটাতে রাজী হয়েছে।
দুই দিনব্যাপী দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার সিউলে সমাপ্তির পর এ আশাবাদ ব্যক্ত করা হয়। বিভক্ত কোরিয়া উপদ্বীপে পারমাণবিক সঙ্কট কাটিয়ে শান্তি প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়।
তবে দক্ষিন কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্টের কাছ থেকে চাপ থাকা সত্ত্বেও তার পারমানবিক কর্মসূচী নিয়ে পুনরায় ছয়-জাতি আলোচনা শুরু করার জন্য কোনও তারিখ নির্ধারনে অস্বীকার করেছে উত্তর কোরিয়া। ছয় জাতি সংলাপ উত্তর কোরিয়ার আপত্তির কারণে গত জুন থেকে স্থগিত রয়েছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল বলেন, সমঝোতার অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়াকে প্রাপ্য মর্যাদা দেয় তাহলেই কেবল তার দেশ আলোচনায় অংশ নিতে পারে।
হোয়াইট হাউসও কোন শর্ত ছাড়াই কমিউনিস্ট রাষ্ট্রটিকে আলোচনার জন্য একটি তারিখ নির্ধারন করতে চাপ দিয়ে আসছে।
দুই কোরিয়া দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে পুনরায় আলোচনা করতে রাজী হয়েছে, যা এ অঞ্চলে পারমাণবিক এবং রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সহায়ক হবে।
