২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে যুক্তরাষ্ট্রের জয়যাত্রা অব্যাহত: রামসফেল্ড

ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের জন্য পেন্টাগন সময়সীমা বেঁধে দিক-এ জাতীয় আহ্বান প্রত্যাখ্যান করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড বলেন, ইরাকে সন্ত্রাসী তান্ডবের বিরুদ্ধে মার্কিন বাহিনীর জয়যাত্রা অব্যাহত আছে, সেখানে আমাদের কোনও পরাজয় ঘটেনি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 10:19 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির এক শুনানীতে বৃহস্পতিবার রামসফেল্ড বলেন, কেউ যদি বলেন যে, ইরাক যুদ্ধে আমরা পরাজিত শক্তি, তা কোনভাবেই ঠিক নয়। ইরাকী নিরাপত্তা বাহিনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়ে উঠার আগেই বহুজাতিক বাহিনীর ইরাক ত্যাগ যুক্তিযুক্ত হবে না। এতে দেশটি আরও সমস্যায় পড়বে এবং আগামীতে আরও ভয়ঙ্কর সংঘাতপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হবে ইরাককে।

যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জন আবিজায়েদ বলেন, জঙ্গিদের নির্মূলের জন্য অনেক কাজ বাকী আছে। গত ছয় মাসের তুলনায় এখন অনেক বেশী বিদেশী জঙ্গি ইরাকে সহিংসতায় অংশ নিচ্ছে।

যুক্তরাষ্ট্রে কংগ্রেসম্যানসহ রিপাবলিকান পার্টির মধ্য থেকেই যখন জোরালো দাবী উঠেছে যে, ইরাক থেকে সেনা প্রত্যাহারের একটি নির্দ্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে, তখন জবাবে রামসফেল্ড বলেন, এর মাধ্যমে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের শত্রুদের উৎসাহিত করা হবে। বিশ্বে সন্ত্রাসী কর্মকান্ড এখন যে হারে বেড়েছে বিগত দিনে এমনটি আর কখনও ঘটেনি। আজকের বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার মূল অন্তরায় হচ্ছে সন্ত্রাস।