আব্বাস-শ্যারন বৈঠকে অগ্রগতি সামান্যই
জেরুজালেম সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন ও ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস শান্তির লক্ষ্যে খুব বেশিদূর এগুতে পারেন নি।
শ্যারন সহিংসতা নিয়ন্ত্রণ করার শর্তে দুই সপ্তাহের মধ্যে আরও দু’টি শহর ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে সম্মত হন।
ফেব্রুয়ারিতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসলামিক জিহাদ গ্রুপ তা মেনে চলছে না বলে ইসরায়েল ফিলিন্তিনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে।
অ্যারিয়েল শ্যারন গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বসতি প্রত্যাহারের ব্যাপারে পূর্ণ সহযোগিতা প্রশ্নে তার এবং আব্বাসের ঐক্যমতের কথা উল্লেখ করে এ বৈঠককে সফল বলে অভিহিত করেন।
কিন্তু ফিলিস্তিনি প্রধানমন্ত্রী আহমেদ কোরেই বলেছেন ভিন্ন কথা। তিনি রামাল্লায় এক সংবাদ সম্মেলনে বিমানবন্দর পুনরায় চালু করা, ইসরায়েলে বন্দি ফিলিস্তিন নাগরিকদের মুক্তিদান এবং পশ্চিমে ইহুদী বসতি বিস্তারের প্রসঙ্গ টেনে বলেন, এসব ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে কোনও ইতিবাচক উত্তর পাওয়া যায় নি।
আব্বাস ফিলিস্তিনের নেতা নির্বাচিত হওয়ার পর এটি ছিল আব্বাস-শ্যারন দ্বিতীয় বৈঠক।
এদিকে সম্মেলনের প্রথম দিনেও উত্তর গাজা এলাকায় ইসরায়েলি বিমান থেকে দুটি মিসাইল ছোঁড়া হয়। এতে অবশ্য কোনও হতাহতের ঘটনা ঘটে নি।
