২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারলেও ঝিলিক দেখানোর তাকদ আছে এ কথা প্রমাণ করল বাংলাদেশ

ট্রেন্টব্রিজে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের দিবা-রাত্রির এক দিনের ম্যাচে বাংলাদেশ দলকে ইংল্যান্ড ১৬৮ রানে পরাজিত করেছে। ইংরেজ ব্যাটসম্যান পল কলিংউড সদ্য অস্ট্রিলিয়া দলকে হারানো আত্মবিশ্বাসী বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ডের বিশাল স্কোর দাঁড় করাতে সাহায্য করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 10:36 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বড় ব্যবধানে পরাজয় ঘটলেও খেলার এ বিষয়টি প্রতীয়মান হয়েছে, মনোবল আরেকটু দৃঢ় হলে, হিসেবি ব্যাটিং পারলে বড় স্কোরকেও ঠান্ডা মাথায় চেজ করা যাবে। অন্তত আশরাফুলের ব্যাটিং নৈপন্য তাই প্রমাণ করে।

২৯ বছর বয়সি ডারহামের অলরাউন্ডার কলিংউড হলেন ক্যারিবিয়ান গ্রেট ভিভ রিচার্ডসের পরে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার যিনি একই ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে সেঞ্চরি এবং পাঁচ বা তারও অধিক উইকেট পেয়েছেন।

১৯৮৬/৮৭ সালে ডিউনিডিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রিচার্ডস ১১৯ রান করেছিলেন এবং ৪১ রানে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন।

ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে করে ৩৯১ রান, যা ওয়ান ডে ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। জবাবে বাংলাদেশ ৪৫ দশমিক ২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে তুলে ২২৩ রান।

একমাত্র শ্রীলঙ্কা ১৯৯৫-৯৬ বিশ্ব কাপে ক্যান্ডিতে নন-টেস্ট প্লেইং দেশ কেনিয়ার বিরুদ্ধে ৩৯৮ রান করেছিল, যা ২,২৫২টি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে সর্বোচ্চ স্কোর।

ইংল্যান্ডের জন্য একমাত্র দুঃসংবাদ হচ্ছে ইংল্যান্ড দলপতি মাইকেল ভনের ইনজুরি। তিনি ফিল্ডিং করতে গিয়ে আঘাত পান।

কার্ডিফে বাংলাদেশ দলের ম্যাচ জয়ের মূখ্য নায়ক মোহাম্মদ আশরাফুল ইংল্যান্ডের বিরুদ্ধেও ঝলসে উঠেছেন। তিনি ৫২ বলে ৯৪ রান করেন, যার মধ্যে বাউন্ডারি ছিল ১১টি এবং ছক্কা তিনটি। নার্ভাস নাইনটিজের শিকার হয়ে কলিংউডের বলে তিনি প্যাভিলিয়ানে ফিরে যান।

ইংল্যান্ডের ব্যাটসম্যান স্ট্রাস ব্যাক্তিগত সর্বোচ্চ রান করেছেন। তিনি ১২৮ বল মোকাবেলা করে ১৫২ রান করেন, যার মধ্যে ১৯টি চার ছিল। তিনি ও কলিংউড ২১০ রান স্কোরে যোগ করেন। উভয়ের এটা দ্বিতীয় সেঞ্চুরি।

ওই ম্যাচে ইংল্যান্ড পূর্বের সর্বোচ্চ রানের রেকর্ড নতুন রেকর্ড গড়ে। ইংল্যান্ড ১৯৯২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ট্রেন্টব্রিজে সাত উইকেটে ৩৬৩ রান করেছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্বাগতিকদের ৩৯১ রানের পর্বতসমান রানের বিপক্ষে খেলতে নেমে জবাব বেশ ভালই দিচ্ছিল বাংলাদেশ দল। ইংল্যান্ডের ফাস্ট বোলার ক্রিস ট্রেমলেট পরপর দুই বলে তুলে নেন শাহরিয়ার নাফিজ ও তুষার ইমরানের উইকেট। ৩০ রানের মধ্যে বাংলাদেশের দুই উইকেটের পতন ঘটে।

ট্রেমলেট মোহাম্মদ রফিককে ১৯ রানে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেয়ার মাধ্যমে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায়। ট্রেমলেট ৩২ রানে তুলে নেন চার উইকেট।

কলিংউড আউট করেন বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশারকে। তিনি শর্ট-এক্সট্রা কাভারে স্ট্রাসের হাতে ধরা পড়েন। পরবর্তী বলে কট এন্ড বোল্ড হন বিধ্বংসী আফতাব আহমেদ।

খালেদ মাসুদ কলিংউডের হ্যাট্রিকের স্বপ্নে বাধা হয়ে দাঁড়ান। তবে কলিংউডের বলেই উইকেটরক্ষক জোন্সের হাতে ধরা দেন খালেদ মাসুদ।

কলিংউড মাশরাফি বিন মুর্তজাকে আউট করেন ওভারের শেষ একটি ফুল টস বলে। এর মাধ্যমে তিনি কিমবারলিতে ২০০০ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ইংলিশ বোলার মার্ক এলহামের গড়া রেকর্ড ভেঙ্গে ফেলেন। মার্ক এলহামের আগের রেকর্ডটি ছিল ১৫ রানে পাঁচ উইকেট।

এদিকে বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন ৬৯ রানে তুলে নেন তিনটি উইকেট এবং আফতাব পান একটি উইকেট।