গর্ভপাত এড়াতে স্টেরয়েড
স্টেরয়েড ট্যাবলেট গর্ভপাতের ঝুঁকি কমিয়ে দিতে পারে বলে এক গবেষণায় প্রমাণ করেছেন লিভারপুল ইউরিভার্সিটির এক দল বিজ্ঞানী।
ইতোমধ্যে কয়েকবার গর্ভপাত হয়েছে এমন কয়েকজন মহিলার ওপর গবেষণা চালিয়ে তারা দেখেছেন ওই মহিলারা সফলভাবে সন্তান নিতে সক্ষম হয়েছেন।
স্টেরয়েড ইমিউন সেলকে গর্ভাশয়ে প্রবেশ করতে দেয় না। ফলে গর্ভপাতের ঝুঁকি আছে এমন মায়েরা নিশ্চিন্তে সন্তান ধারণ করতে পারছেন। ইমিউন সেল, যাকে ন্যাচারাল কিলার বলে অভিহিত করা হয়ে থাকে, তা গর্ভাশয়ে প্রবেশ করে ভ্রুণ তৈরিতে বাধা দিয়ে গর্ভপাত ঘটিয়ে থাকে বলে গবেষকরা ধারণা করছেন।
ডেনমার্কের কোপেনহেগেনে ইউরোপিয়ান সোসাইটি অব হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড এমব্রায়োলজি’র ২১তম বার্ষিক সম্মেলনে এই তথ্য উপস্থাপন করা হয়।
গবেষকরা বলছেন, ইমিউন সেলের কারণে বয়:প্রাপ্ত প্রতি একশ’ জন মহিলার মধ্যে দু’জন গর্ভপাতের শিকার হয়ে থাকে। কয়েকবার গর্ভপাত হয়েছে এমন ১১০ জন মহিলার ওপর সমীক্ষা চালিয়ে তারা এ তথ্য পান।
স্টেরয়েড গ্রহণের প্রথম ঘটনাটি ঘটে ২০০২ সালে। ১৯ বার গর্ভপাত হয়েছে এমন এক মহিলা স্টেরয়েড গ্রহণ করে সন্তান ধারণ করতে সক্ষম হন। এরপর আরও পাঁচজন মহিলা এই পদ্ধতিতে সন্তান ধারণ করেন।
এখন বিস্তৃত আকারে স্টেরয়েডের ওপর গবেষণা চালাতে যাচ্ছেন তারা। আশা করা হচ্ছে এ গবেষণার মাধ্যমে চিকিৎসা শাস্ত্রে যুগান্তর ঘটবে।
