ইরান ও চীনের প্রতি চাপ সৃষ্টি করতে বুশ ও ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ
প্রেসিডেন্ট বুশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা ইউরোপীয় ইউনিয়নের সংকট নিয়ে ওয়াশিংটনে সোমবার বৈঠককালে ইরানকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে বাধ্য করা এবং চীনের বাণিজ্যিক সীমাবদ্ধতা নিয়ে একসাথে কাজ করতে সম্মত হয়েছেন।
হোয়াইট হাউজে বুশের সাথে সাক্ষাৎকালে ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান জোসে ম্যানুয়েল বারাসো, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জিন ক্লাউড জাঙ্কার এবং ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জেভিয়ার সুলানা উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়নের বাজেট নিয়ে সংকট এবং প্রস্তাবিত সংবিধান নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ায় তারা আলোচনায় বসেন। বৈঠকশেষে হোয়াইট হাউজে বুশের সাথে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের এক সংবাদ সম্মেলনে লু´েবার্গ প্রেসিডেন্ট জাঙ্কার বলেন, ইউরোপীয় ইউনিয়নে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলেও তার অর্থ এই নয় যে, ইউরোপীয় ইউনিয়নে ব্যাপক অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল বারাসো বলেন, “আশ্চর্য হওয়ার কিছু নেই যে, ইউরোপীয় ইউনিয়নের বর্তমান পরিস্থিতিতে কিছু সংকট দেখা দিতে পারে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক অবস্থা এখনও ভাল।”
তিনি বলেন, “আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেব। যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
বুশ বলেন, ইউরোপীয় ইউনিয়ন শক্তিশালী হয়ে গড়ে উঠার ব্যাপারে যুক্তরাষ্ট সহায়তা দিয়ে যাবে। তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতি আমার অঙ্গীকার হলো আমরা ইউরোপীয় ইউনিয়নকে একটি শক্তিশালি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে একসাথে কাজ করতে চাই।”
বিশ্বব্যাপী আবহাওয়া পরিবর্তন, আফ্রিকায় সাহায্য এবং পারস্পরিক সহায়তার বিভিন্ন ক্ষেত্র নিয়ে নেতৃবৃন্দের মধ্যে মত পার্থক্য থাকলেও প্রেসিডেন্ট বুশ স্পষ্টভাবে জানিয়ে দেন ইরান নিয়ে তাদের মধ্যে কোনও মতপার্থক্য কখনই ছিল না। যুক্তরাষ্ট্র চায়, পারমাণবিক অস্ত্র নির্মাণের লক্ষ্যে ইরান সকল পারমাণবিক কর্মসূচির কাজ অবিলম্বে বন্ধ করুক।
ইরানকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে উৎসাহিত করতে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ওয়াশিংটনেরও এতে সন্মতি রয়েছে।
পরে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের এক যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের সিদ্ধান্তে অনড় যে, ইরানকে অবশ্যই পারমাণবিক কর্মসূচির সকল প্রক্রিয়া বন্ধ করতে হবে।
বুশ ইরানের উদ্দেশ্যে বলেন, “পারমাণবিক অস্ত্র নির্মাণের কোন উদ্যোগকে আমরা সহ্য করব না”।
