মহাকাশে পাঠানো হচ্ছে বিশ্বের প্রথম সৌরপাল
মহাকাশ আবিষ্কারের নেশা যেন মানুষকে পেয়ে বসেছে। একদল মহাকাশ বিজ্ঞানীর সোলার সেইল বা সৌরপাল উদ্ভাবন মহাকাশ অনুসন্ধানের নেশাকে আরেকটু চাড়িয়ে দিল। বিজ্ঞানীর দল আশা করছেন নব আবিষ্কৃত এই সোলার সেইল বিশ্বকে নতুন পথ দেখাবে।
মঙ্গলবার পরীক্ষামূলকভাবে মহাকাশে পাঠানো হবে এই সৌরপাল। যদি এ উৎক্ষেপণ সফল হয়, তাহলে ব্যক্তিগত উদ্যোগে প্রস্তুতকৃত কসমস-১ নামের এই সৌরপাল হবে মহাকাশ ভ্রমনের একটি অভিনব উপায়। পালটি তৈরি করেছে রুশ বিজ্ঞানীরা।
সূর্যরশ্মির সাহায্যে চালিত ২২ পাউন্ডের এই সৌরপাল প্রতি ১০১ মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করবে। আলোক কণা বা ফোটন পালগুলিকে সচল রাখবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এলুমিনিয়াম সহযোগে প্লাস্টিক দিয়ে তৈরি আটটি পাখা এটিকে ভাসমান রাখবে এবং মহাকাশের ছবিও তুলবে। এক কোয়ার্টার পুরু এই ব্লেড বা পাখাগুলো ৫০ ফুট দীর্ঘ।
নাসা বিশেষজ্ঞরা সোলার সেইলের ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছেন, এটি তৈরিতে পরামর্শও দিয়েছেন। তবে সৌরপালটি তৈরি করেছে ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় অবস্থিত প্ল্যানেটরী সোসাইটি। তারা পরীক্ষামূলকভাবে যানটিকে মহাকাশে পাঠাচ্ছে। পালটি তৈরিতে চার মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। খরচের অর্ধেক জুগিয়েছে কসমস স্টুডিও।
প্রচলিত ফসিল জ্বালানী স্যাটেলাইটের ওজন অনেক বাড়িয়ে দেয়। কিন্তু সৌররশ্মি দ্বারা চালিত এই পাল খুবই হালকা।
আর্কটিক বেরেন্টস সাগরে অবস্থিত রাশিয়ার একটি সাবমেরিন থেকে সৌরপালটিকে উৎক্ষেপণ করা হবে। এটি ৫০০ মাইল উপরে একটি কক্ষপথে বিচরণ করবে। তবে এই যান সচল করার ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হল এর পাখা মেলানো।
সবকিছু ঠিকঠাক থাকলে কক্ষপথে পৌঁছানো মাত্রই এর পাখাগুলো স্বয়ংক্রিয়ভাবে একে একে খুলে যাবে। পালটি কক্ষপথে পরিভ্রমন করতে করতে সংগ্রহ করবে মহাকাশের নানা তথ্য। রাতেও দৃশ্যমান এ সোলার সেল এক সপ্তাহ ধরে পৃথিবী প্রদক্ষিণ করবে।
প্রথম দিকে এর গতি হবে ঘন্টায় ১০০ মাইল পর্যন্ত। পর্যায়ক্রমে এ গতি বাড়বে। বিজ্ঞানীরা আশা করছেন সৌরপালের সফল যাত্রা মহাকাশ বিজ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। সেইসাথে মহাকাশ যানের খরচও কমিয়ে দেবে অনেকগুণ।
