২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে নির্বাচন: শেষ পর্যায়ের ভোটে সিরিয়া বিরোধীদের বিপুল বিজয়

লেবাননের পার্লামেন্ট নির্বাচনের শেষ পর্যায়ের ভোটে সিরিয়ার আধিপত্য বিরোধী জোট সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির ছেলের নেতৃত্বে গঠিত এ জোট দক্ষিণ লেবাননে ২৮টি আসনের ২১টিতে জিতেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 10:42 AM

Updated : 26 Apr 2022, 05:47 PM

চার মাস আগে রফিক হারিরি নিহত হওয়ার পর তার ছেলে ৩৫ বছর বয়সী সুন্নী মুসলমান সাদ হারিরিকে জোটের নেতৃত্বে নিয়ে আসা হয়। তিনি বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী সাফল্য অর্জন করেন। এর ফলে গত চার সপ্তাহ জুড়ে দক্ষিণ লেবাননে যে নির্বাচনী উত্তাপ বিরাজ করছিল তার অবসান হল। এ জয়ের মধ্য দিয়ে ১২৮ আসন বিশিষ্ট লেবাননের পার্লামেন্টে সিরিয়াবিরোধী জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল।

দীর্ঘদিন সিরিয়ার নিয়ন্ত্রণে থাকার পর লেবাননের সাধারণ নির্বাচন নি:সন্দেহে আরব বিশ্বে গণতন্ত্রে উত্তরণের পথকে সুদৃঢ় করবে এবং নতুন রাজনৈতিক মেরুকরন ঘটবে। সিরিয়ার সৈন্যদের অনুপস্থিতিতে ৩০ বছর পর এই প্রথম নির্বাচন হল। সিরিয়ার সেনাবাহিনী ১৯৭৬ সালে লেবাননের গৃহযুদ্ধের সময় দেশটিতে আসে এবং পরে আন্তর্জাতিক চাপের মুখে গত এপ্রিলে দেশটি ছেড়ে যেতে বাধ্য হয়।