পাকিস্তানে সন্ত্রাসীদের কোনও ক্যাম্প নেইঃ শওকত আজিজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ তার দেশে সন্ত্রাসবাদীদের কোনও ক্যাম্পের অস্তিত্বের কথা অস্বীকার করেছেন। ক্যালিফোর্ণিয়ায় গ্রেফতারকৃত এক ব্যক্তি পাকিস্তানের রাজধানীর কাছে একটি ক্যাম্পে জিহাদী হওয়ার প্রশিক্ষণ পেয়েছে বলে এফবিআই-য়ের কাছে যে স্বীকারোক্তি করেছে তারই প্রতিবাদ জানিয়ে আজিজ এ মন্তব্য করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ক্যালিফোর্ণিয়ার আদালত অভিযুক্ত হামিদ হায়াত (২২) এবং তার বাবা ওমর হায়াতকে (৪৭) জামিন দিতে অস্বীকৃতি জানায়। যুক্তরাষ্ট্রের সহকারী এর্টনি জেনারেল আর স্টিভেন ল্যাপহাম বলেন, আমেরিকান যুবক হায়াত বেশ কয়েকবার পাকিস্তান সফর করে এবং ২০০৩-২০০৪ সালে সেদেশে একটি সন্ত্রাসবাদী ক্যাম্পে “আমেরিকানদের কিভাবে হত্যা করতে হবে” সে বিষয়ে ৬ মাস প্রশিক্ষণ নেয়।
এফবিআই জানায়, গ্রেফতারকৃতরা ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টোর দক্ষিণ এলাকার বাসিন্দা। তাদের আদি বসতি ছিল পাকিস্তানে। প্রায় এক বছর ধরে তাদেরকে নজরদারিতে রাখা হয়। ওসামা বিন লাদেনের আল-কায়েদা নেটওর্য়াকের সাথে তাদের গভীর সংযোগ রয়েছে বলে প্রমাণ মিলেছে। আরও দু’জন ধর্মীয় নেতাসহ তিনজন পাকিস্তানী নাগরিককে ইমিগ্রেশন জটিলতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
সন্ত্রাসী বিশেষজ্ঞদের অভিমত, রাওয়ালপিন্ডি সন্ত্রাসীদের জন্য উত্তম জায়গা হতে পারে না। কারণ এখানেই প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সরকারী আবাসস্থল এবং পাস্তিানী সেনাবাহিনীর সদর দফতর। যদিও পাকিস্তানের কিছু সামরিক কর্মকর্তা এবং গোয়েন্দা বিভাগের লোকজন তালেবান এবং আল-কায়েদার প্রতি সহানুভূতিশীল।
বিশেষজ্ঞরা বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বিশেষ করে আফগানিস্তানের সীমানা ঘেঁষা পাহাড়ী দুর্গম এলাকায, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, ওয়াজিরিস্তান, পাঞ্জাব এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসীদের ক্যাম্প রয়েছে।
কিন্ত শওকত আজিজ জানান, পাকিস্তানে সন্ত্রাসীদের প্রশিক্ষণের কোনও ক্যাম্প নেই। তিনি ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাসকে এফবিআইয়ের অভিযোগের বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য নির্দেশ দিয়েছেন।
