২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপির শীর্ষ নেতারা আদভানিকে অভিনন্দন জানালেন

বিজেপির সভাপতি পদ থেকে পদত্যাগ পত্র প্রত্যাহারের একদিন পর এলকে আদভানিকে বিজেপির শীর্ষ নেতারা অভিনন্দন জানান। তার সম্মানে দেওয়া এক অনুষ্ঠানে আদভানি বলেন, বিহার নির্বাচন পর্যন্ত তারা অভিনন্দন অনুষ্ঠান স্থগিত রাখবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 04:10 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

আদভানি বলেন, এখন উল্লাস প্রকাশের সময় নয়। বিহার নির্বাচনে জয়লাভের পর আমরা অভিনন্দন অনুষ্ঠান উদযাপন করব।

তিনি বলেন, সভাপতি কী করবে আর আদালত কী সিদ্ধান্ত নেবে তা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু আগামী নির্বাচনে বিহারের জনগণ এনডিএ’কে ভোট দেবে।

চারদিনে চরম উত্তেজনাপূর্ণ রাজনৈতিক নাটকের অবসানের মাধ্যমে আদভানিকে এ অভিনন্দন জানানো হল। আদভানি তার পদত্যাগ পত্র প্রত্যাহার করায় এবং শুক্রবারে গৃহীত পার্টির নতুন আপোস প্রস্তাবের শর্ত গ্রহণ করার মধ্য দিয়ে এ নাটকের অবসান হয়।

পার্টির নুতন প্রস্তাবে জিন্নাহকে পাকিস্তানের জনক হিসেবে উল্লেখ করে আদভানি যে বক্তব্য রেখেছিলেন তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। একই প্রস্তাবে দেশ বিভাগের নিন্দা করা হয়েছে। এছাড়া পাকিস্তান ধর্মনিরপেক্ষ নয় বলেও অভিযোগ করা হয়েছে এবং জিন্নাহ সাম্প্রদায়িক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বলে ব্যাখ্যা দেওয়া হয়।