ভারতীয় নাগরিকদের জন্য পাকিস্তানের নয়া ভিসা পদ্ধতি
অধিক সংখ্যক ভারতীয় নাগরিক পাকিস্তান সফরে আগ্রহ প্রকাশ করায় পাকিস্তান ভারতীয়দের জন্য নতুন ভিসা পদ্ধতি প্রবর্তন করেছে।
এজন্য আট সপ্তাহ আগে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে ভারতীয় নাগরিকদেরকে দরখাস্ত দাখিল করতে হবে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভিসা পাওয়ার আবেদন গ্রহণযোগ্য হবে না । পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ গলার পর অনেক ভারতীয় নাগরিক পাকিস্তানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, সম্মেলনে যোগ দিচ্ছেন এবং ব্যবসায়িক কাজে সফর করছেন। ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় পদ্ধতিগত জ্ঞান না থাকায় অনেকেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভিসা প্রদানের অনুরোধ জানায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই সময়ের মধ্যেই ভিসা প্রদান করে আসছিল। কিন্ত এভাবে কাজের বিঘ্ন ঘটে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
বিবৃতিতে মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠানকে নতুন ভিসা পদ্ধতি নীতিমালা মেনে চলার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। সাংস্কৃতিক ও খেলাধূলার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন যুব ও ক্রীড়া বিভাগের অনুমাদন নিতে হবে।
এছাড়া ভিসা পাওয়ার জন্য আবেদনকারীর দরখাস্তে অবশ্যই ছবি এবং বৈধ পাসপোর্ট সংযোজন করার নির্দেশ দেওয়া হয়েছে।
