বুশ ও রোহ উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে একমত হয়েছেন
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউন পারমাণবিক ইস্যুতে উত্তর কোরিয়াকে ছয়-জাতি আলোচনায় ফিরিয়ে আনতে শুক্রবার একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। উভয় নেতাই দৃঢ়তার সাথে বলেন, এ ব্যাপারে তাদের ঐক্য খুবই দৃঢ় এবং অভেদ্য।
বুশ বলেন, “দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে বর্তমানে একটি মাত্র চ্যালেঞ্জ, আর তা হল কোরীয় উপদ্বীপে পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং আরও সহজ উপায়ে কিভাবে এর সমাধান করা যায় তার ব্যবস্থা করা।”
বুশ বলেন, তারা উভয়েই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইলকে ছয়-জাতি আলোচনায় ফিরে আসার জরুরিত্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করবেন এবং তারা আশা করছেন উত্তর কোরিয়া শীঘ্রই ছয়-জাতি আলোচনায় ফিরে আসবে। উল্লেখ্য, ছয়-জাতি আলোচনায় উত্তর কোরিয়া, চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র রয়েছে।
রোহ বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। কিন্তু বুশ প্রেসিডেন্ট রোহ মু হিউনকে ব্যাপারটি সহজ ভাবে নেওয়ার অনুরোধ জানান।
রোহ বলেন, “সকল সময়েই আপনার (প্রেসিডেন্ট ডব্লিউ বুশ) সাথে সাক্ষাৎ করে একটা বিষয় আমি অনুধাবন করেছি যে, মৌলিক কিছু বিষয়ে আমাদের মধ্যে কোনও ভেদাভেদ থাকা ঠিক নয়। কারণ আমরা মৌলিক বিষয়গুলো নিয়ে পূর্ণ ও সঠিক মাত্রায় কাজ করতে আগ্রহী।”
তিনি বলেন, “যখনই আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হবে তখনই আমরা সমঝোতা ও আলোচনার মাধ্যমে তা নিরসন করব।”
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউন আরও বলেন, “আমি নিশ্চিত যে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ভবিষ্যতে পারস্পরিক বিষয়গুলো নিয়ে একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।”
বৈঠকের শেষে বুশ বলেন, “আমি বলতে চাই যে, আমাদের জোট খুবই শক্তিশালী। এছাড়া আমি আপনার (রোহ মু হিউন) সঠিক উপলব্দির জন্য আপনাকে ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য. সপ্তাহখানেক আগে উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি প্রশ্নে ছয়-জাতি আলোচনায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছে। তবে পিয়ংইয়ং সরকারিভাবে কোনও সুনির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করেনি।
