ইরাকের নতুন সংবিধানের খসড়া প্রণয়নে সুন্নিদের প্রতিনিধিত্ব বাড়ানো হবে
শিয়া ও কুর্দি প্রভাবাধীন ইরাক সরকার বলেছে, নতুন সংবিধানের খসড়া প্রণয়নে সুন্নিদের প্রতিনিধিত্ব বাড়ানো হবে। তবে সরকারের এ প্রস্তাব সুন্নিরা যতটুকু প্রতিনিধিত্ব দাবি করেছে তার চেয়ে এখনও অনেক কম।
সংবিধান প্রণয়ন কমিটির এক শীর্ষ কর্মকর্তা জানান, ১৫ আগস্টের মধ্যে কমিটির সদস্য সংখ্যা ৫৫ জন থেকে ৬৯ জনে উন্নীত করা হবে। বর্ধিত কমিটিতে সুন্নিদের প্রতিনিধি থাকবে পনের জন, বর্তমানে আছে দুই জন। ফলে কমিটিতে তাদের প্রতিনিধিত্ব কুর্দিদের সমান হবে।
কিন্তু সুন্নি দলগুলোর জোট এই সংখ্যা ২৫ জনে উন্নীত করার দাবি জানিয়েছে। অন্যথায় তারা সংবিধানের খসড়া প্রণয়নে অংশ নেবে না বলে হুমকি দিয়েছে।
এদিকে ইরাকি রাষ্ট্রপতি জালাল তালাবানি সুন্নিদের দাবি অনুযায়ী ২৫ জন প্রতিনিধি দেয়ার কথা বললে প্রধানমন্ত্রী ইব্রাহিম জাফারি বলেন, আর মাত্র ১৪ জন প্রতিনিধি নেয়ার সুযোগ আছে, এর মধ্যে সুন্নিরা ১৩ জন পাবে, বাকি একটি সংখ্যালঘু অন্য কোনও সম্প্রদায়কে দেয়া হবে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারির সাধারণ নির্বাচনের পর ইরাকে শিয়া ও কুর্দিরা ক্ষমতাসীন হয় এবং সাদ্দামের আমলে রাজনৈতিক আধিপত্যকারী সুন্নিরা তাদের আধিপত্য হারায়।
ইরাক সরকার বলেছে, রাজনীতিতে সুন্নিদের এই অগ্রাধিকার তাদের আরও প্রতিনিধিত্বশীল করে তুলবে। আশা করা যায়, এর ফলে সুন্নি অধ্যুষিত এলাকায় উত্তেজনা প্রশমিত হবে।
