২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবলে এশিয়ার প্রতিনিধিত্ব করবে জাপান, ইরান, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়া

বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর বসছে জার্মানীতে ২০০৬ সালে। বিশ্বের শীর্ষ বাছাই ৩২ টি দেশ এ হাড্ডাহাড্ডি লড়াইয়ে অংশ নিবে। এশিয়া থেকে এ লড়াইয়ে সামিল হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছে জাপান, ইরান, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 10:41 AM

Updated : 26 Apr 2022, 05:45 PM

ব্যাংকক স্টেডিয়ামে ফুটবল পাগল বিশাল সমর্থকদের উপস্থিতিতে জাপান ২-০ গোলে উত্তর কোরিয়াকে পরাজিত করে জার্মান যাওয়ার সৌভাগ্য অর্জন করে। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এতে এ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত থাকলেও ফিফা-র গর্ভণিং বডি গত মাসে ম্যাচটি ব্যাংককে স্থানান্তর করে।

কোয়ালিফাইং ম্যাচের অপর খেলায় স্বাগতিক ইরান সাজাদি স্টেডিয়ামে এক লক্ষ দর্শকের উপস্থিতিতে ১-০ গোলে বাহরাইনকে পরাজিত করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

রিয়াদে ৩-০ গোলে উজবেকিস্তানকে পরাজিত করে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে সৌদি আরব।

এশিয়া ফুটবলের পরাশক্তি দক্ষিণ কোরিয়া টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফুটবলের মূল আসরে খেলবে। তারা কুয়েতকে ৪-০ গোলে পরাজিত করে অংশগ্রহণ নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়া ২০০২ সালে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে সেমিফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করেছিল, যা এশিয়ার অন্যান্য দেশের জন্যও মর্যাদাপূর্ণ।