মানবাধিকার লঙ্ঘনের দায়ে নয়, কর ফাঁকির দায়ে শাস্তি পেতে পারেন পিনোশে
মানবাধিকার লঙ্ঘনের অপরাধে অপরাধী চিলির সাবেক প্রেসিডেন্ট অগাস্তো পিনোশে বিবিধ কায়দায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ এড়ানোর চেষ্টা করছেন এবং অবস্থাদৃষ্টে মনে হয়, সেসব কারণে তাকে শায়েস্তা করা যাবে না।
তবে একটা লোক প্রবাদ চালু আছে-পঁচা শামুকে পা কাটে। পিনোশের অবস্থা হয়েছে তাই। কর ফাঁকি দেয়ার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। চিলির সামরিক শাসক হিসেবে তিনি তার শাসনকালে প্রায় ৩ হাজার ১৯৭ জন মানুষকে খুন করেছেন, হাজার হাজার লোকের ওপর নিপীড়ন চালিয়েছেন।
এত কিছুর পরও সান্তিয়াগোর আপীল কোর্ট তাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে রেহাই দিয়েছে। যদিও মানবাধিকার সংস্থাগুলো এখনও বিচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাই হোক, মানবাধিকার সংক্রান্ত মামলাগুলোর নিষ্পত্তি না হওয়ার আগেই তিনি নতুন অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
তার বিরুদ্ধে কর ফাঁকি দেয়ার অভিযোগ আনা হয়েছে। এ কারণে তার কিছু লাভও হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি কিছুটা আড়ালে পড়ে গেছে।
নতুন অভিযোগ হল, বিদেশী ব্যাংকে মিলিয়ন মিলিয়ন ডলারের একাউন্ট রাখার কথা তিনি চিলির কর কর্র্তৃপক্ষের কাছে স্বীকার করেননি, বিষয়টি গোপন রেখেছেন। তার আইনজীবিরা বলছেন, এই অর্থ রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয়েছিল। তারা এই অভিযোগ থেকে তাকে অব্যহতি দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পিনোশের বিরুদ্ধে শুধু কর ফাঁকি দেয়া নয়, সম্পত্তি সংক্রান্ত আইন অমান্য করা, জাল পাসপোর্ট ব্যবহার করার অভিযোগও উঠেছে। গত বছর মার্কিন সিনেটের এক রিপোর্টে বলা হযেছিল তিনি কমপক্ষে ১৩ মিলিয়ন ডলারের ব্যাংক ব্যাংক একাউন্টের কথা গোপন করেছেন।
জেনারেল পিনোশে, তার পরিবার এবং তার সিনিয়র অফিসাররা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে ১২৫ টি ব্যাংক একাউন্টে টাকা-পয়সা রাখছেন বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। অবশ্য মার্কিন সিনেটের এই রিপোর্টকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দেয়ার চেষ্টা করছেন তার আইনজীবিরা।
