জেনারেল মোটরস ২০০৮ নাগাদ ২৫ হাজার শ্রমিক ছাঁটাই করবে
জেনারেল মোটরস করপোরেশন লোকসান ঠেকাতে ২০০৮ সালের মধ্যে ২৫ হাজার শ্রমিককে ছাঁটাই করার একটি পরিকল্পনা হাতে নিয়েছে। মঙ্গলবার করপোরেশন চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী রিক ওয়াগনার ডেলাওয়ারে শেয়ারহোল্ডারদের ৯৭তম বার্ষিক সভায় একথা বলেন।
অব্যাহত লোকসানের কারণে করপোরেশনের চেয়ারম্যান হিসেবে তারও দায়-দায়িত্ব বহন করতে হবে এবং তাকে পদত্যাগ করতে হবে-ওই সভায় তিনি এমন দাবির বিপরীতেও কিছু যুক্তি উপস্থাপন করেন।
রিক ওয়াগনার বলেন, বছরে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বাঁচাতে হলে করপোরেশনের ২৫ হাজার শ্রমিককে ছাঁটাই করতে হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে ইউনাইটেড অটো ওয়াকার্স ইউনিয়ন (ইউএডব্লিউ) বলছে, ছাঁটাই করার আগে অবশ্যই জেনারেল মোটরস করপোরেশনকে ইউনিয়নের সাথে সমঝোতায় আসতে হবে।
ইউএডব্লিউ’র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড শুমেকার বলেন, “জেনারেল মোটরস করপোরেশনের সমস্যা মোকাবেলায় বর্তমান সিদ্ধান্তে তারা মোটেও সন্তুষ্ট নন। এ ব্যাপারে যা করতে হবে তা হল যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির হারানো বাজার পুনরুদ্ধার করা এবং এর উৎপাদিত গাড়িকে নকশা ও গুনগতমানের দিক থেকে আরও আধুনিক করা।”
চলতি বছরের প্রথম চারমাসে ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার লোকসান দিয়েছে জেনারেল মোটরস। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে জেনারেল মটরসের শেয়ার কমে গেছে। গত বছর প্রতিষ্ঠানটির শেয়ার ছিল শতকরা ২৭ ভাগ, আর বর্তমানে তা দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪ ভাগে।
এর কারণ হল ক্রেতারা অধিক হারে টয়োটা মোটর করপোরেশন, নিশান মোটর করপোরেশন এবং অন্যান্য এশীয় মোটর কোম্পানির উৎপাদিত গাড়ির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে।
যাহোক, শ্রমিক কমানোর পরিকল্পনা একেবারে নতুন কিছু নয়। আন আর্বোরে অবস্থিত সেন্টার ফর অটোমোটিভ রিসার্চ-এর চেয়ারম্যান ডেভিড কোল বলেন, লক্ষ্যে পৌঁছাতে ওয়াগনার যে পরিকল্পনা নিয়েছেন তা বেশ পুরাতন কৌশল।
জেনারেল মোটর করপোরেশনের তথ্য থেকেই জানা যায়, ২০০০ সালে প্রতিষ্ঠানটিতে ১ লাখ ৭৭ হাজার লোক কর্মরত ছিল। ২০০৪ সালের শেষ দিকে সে সংখ্যা কমে ১ লাখ ২৫ হাজারে এসে দাঁড়ায়।
