ডাউনিং স্ট্রিট মেমো সত্যের অপলাপ ছাড়া কিছুই নয়: বুশ
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মঙ্গলবার বলেছেন, বৃটিশ সরকারের ইরাক যুদ্ধ সংক্রান্ত অফিস মেমো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নেহাতই একটি অভিযোগ ছাড়া আর কিছুই নয়। একে সত্যের অপলাপ বললেই বরং ভাল।
ওই মেমোতে বলা হয়েছিল মার্কিন সরকার তার জনগণকে এ ব্যাপারে অবহিত করার মাসখানেক আগেই ইরাকে যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত নেয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মঙ্গলবার বুশের সাথে হোয়াইট হাউজে সাক্ষাৎ করেন। টনি ব্লেয়ার ও বুশ দু’জনই ইরাকে সামরিক ব্যবস্থা গ্রহণের বিষয়টিকে ‘শেষ উপায়’ ছিল বলে দাবি করেন।
সাদ্দাম হুসেনের সংগ্রহে নার্ভ গ্যাস, জৈব অস্ত্র এবং গোপনীয় পারমানবিক অস্ত্র ও মিসাইল রাখার অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা সেখানে সামরিক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেন। যদিও পরে এ ধরণের কোনও কিছুই ইরাকে পাওয়া যায়নি।
মেমোতে আরও বলা হয়েছে যে, মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিল এ ব্যাপারে জাতিসংঘের শরণাপন্ন হওয়ার অপেক্ষাও করেনি। ইরাক অভিযান আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ কিনা সে ব্যাপারেও মেমোতে প্রশ্ন তোলা হয়।
ব্লেয়ার আত্মপক্ষ সমর্থন করে বলেন, ইরাকের ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘের কাছে আবেদন করার আগেই এই সংস্থা ইরাকে নিরস্ত্রীকরণের ব্যাপারে একটি
প্রস্তাব তৈরি করে ফেলে।
উল্লেখ্য, সম্প্রতি ইরাক যুদ্ধ সংক্রান্ত ডাউনিং স্ট্রিটের অফিস মেমো প্রকাশ হয়ে পড়লে ইরাক যুদ্ধের বৈধতা প্রসঙ্গে নতুন করে প্রশ্ন দেখা দেয়।
