ডারউইনের ফুলবাগান নিয়ে গবেষণা চালাচ্ছেন তার উত্তরসূরিরা
বিবর্তনবাদের প্রবক্তা চার্লস ডারউইনের পদাঙ্ক অনুসরণ করে তার উত্তরসূরিরা কেন্টে তার বাড়ি ডাউন হাউজের পাশ্ববর্তী বাগানের ফুলগাছগুলোকে আবার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে খতিয়ে দেখছেন।
১৮৫৫ সালে স্থানীয় উদ্ভিদের প্রজাতির বৈশিষ্ট সম্পর্কে গবেষণা শুরু করেন ডারউইন। এগুলো তার বিবর্তনতত্ত্বের জন্য সহায়ক হয়েছিল। পরবর্তীতে এগুলোর ব্যাপারে তিনি তার ‘অরিজিন অব স্পেসিস’ গ্রন্থেও লিখেছিলেন।
বিগত দেড়শ’ বছরে ওই বাগানের ফুল ফোটার ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন এসেছে তা-ই খতিয়ে দেখবে ডারউইন পরিবার।
বিভিন্ন বার্তাসংস্থা সূত্রে জানা যায়, পারিবারিক ওই গবেষণা দলটিতে রয়েছেন ডারউইনের তিন পুরুষের নাতিপুতিদের সাতজন। গবেষণা দলে ডারউইন পরিবারের ২১ মাসের সদস্য থেকে ৭৮ বছর বয়সী সদস্যও রয়েছেন। তারা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানী এবং ইংলিশ ঐতিহ্যের সংরক্ষকদের সাথে যৌথভাবে এ গবেষণা জরিপ শুরু করেছেন।
ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইউকে বায়োডাইভার্সিটি ম্যানেজার গিল স্টিভেন্স জানান, তারা বাড়ির চারপাশের বাগানের জায়গাগুলোকে একটি আউটডোর ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করছেন।
তিনি জানান, ডারউইন তার নোটবুকে এ ধরনের বায়োডাইভার্সিটি (জৈব-বৈচিত্র্য) জরিপের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। ছোট পরিসরে তারা সে ধরনের গবেষণা জরিপই পরিচালনা করছেন এবং এ গবেষণায় ডারউইনের গবেষণা পদ্ধতিই ব্যবহার করা হচ্ছে। ইতিহাসে সম্ভবত এটিই প্রথম বায়োডাইভার্সিটি জরিপ।
বিজ্ঞানীদের সাথে যৌথভাবে এক বছর ধরে পরিবারের সদস্যরা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ডাউন হাউজের আশপাশের বাগানের প্রজাতির ফুলের ওপর এ গবেষণা জরিপ চালাবেন।
চার্লস ডারউইন ১৮৪২ থেকে ১৮৮২ সাল পর্যন্ত কেন্টের ওই বাড়িতে বসবাস করেছেন।
