২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যতদিন দখলদার বাহিনী থাকবে ততদিন রাজনীতিতে জড়াতে চান না আল-সদর

কট্টর মার্কিন বিরোধী ইরাকি শিয়া নেতা আল-সদর বলেছেন, যতদিন পর্যন্ত ইরাকে মার্কিন বাহিনী অবস্থান করবে ততদিন পর্যন্ত ইরাকের রাজনৈতিক অঙ্গন থেকে দূরে থাকবেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 02:16 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

ইরাকে মার্কিন আগ্রাসনকে সর্মথন করার জন্য সিনিয়র শিয়া নেতা আয়তুল্লাহ আলী আল-সিস্তানি এবং সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

গত বছর আনুষ্ঠানিকভাবে ইরাকে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের অবসান ঘটলেও এখনও সেখানে তাদের ১ লাখ ৪০ হাজার সৈন্য অবস্থান করছে। আল-সদর সমর্থকরা পূর্বে ইরাকের সিনিয়র শিয়া ধর্মীয় নেতা আল সিস্তানির সাথে একযোগে ইরাকে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের সমালোচনা করলেও, আক্রমণ চালালেও সম্প্রতি তারা এ ধরণের কোনও মন্তব্য করা থেকে বিরত রয়েছেন।

মধ্য ও দক্ষিণ ইরাকের বিভিন্ন শহরে আল সদরের মিলিশিয়া গ্রুপ ‘মাহদি আর্মি’ ও মার্কিন বাহিনীর মধ্যে সংঘর্ষের বেশ কিছু ঘটনা ঘটে। সর্বশেষ নাজাফের সংঘর্ষের পর আল-সদর জনসমক্ষে খুব একটা হাজির হননি। বলতে গেলে নিভৃত জীবন-যাপনই করছেন।

আল সদর রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার ইচ্ছে পোষণ করলেও তার সমর্থকরা তাকে এ বিষয়ে চাপ দিয়ে আসছে।

কিন্তু ইরাকে বিদেশী সৈন্যের অবস্থান এবং ইরাকের দক্ষিণাঞ্চলে আল সদরের সমর্থক এলাকায় আল জাফরী সরকার তেমন কোনও উন্নয়নমূলক পদক্ষেপ না নেয়ায় রাজনীতি থেকে দূরে আছেন বলে তার পক্ষ থেকে জানানো হয়। এ দুটো বিষয়ে পরিবর্তন এলেই তিনি রাজনীতিতে নামবেন।

মার্কিন কূটনীতিবিদ ও সামরিক কর্তৃপক্ষ মনে করে যে, আল-সদর সশস্ত্র প্রতিরোধের পথ ছেড়ে সরাসরি রাজনীতিতে এলেই বরং ভাল।