গুয়ান্তানামোর বন্দিশিবির বন্ধের কোন পরিকল্পনা নেইঃ পেন্টাগন
সন্দেহভাজন বিদেশী সন্ত্রাসীদের আটক রাখার জন্য ব্যবহৃত গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধ করার প্রস্তাব প্রত্যখ্যান করে পেন্টাগন, বলেছে এ দরনের কোন পরিকল্পনা তাদের নেই। এছাড়া যুক্তরাষ্ট্রের কারারক্ষীদের দ্বারা কোরআন অবমাননার পাঁচটি ঘটনার জন্য দু:খ প্রকাশ করতেও অসম্মতি প্রকাশ করেছে তারা।
পেন্টাগনের উর্ধ্বতন মুখপাত্র ব্রায়ান হুইটম্যান সোমবার জানান, ডেমোক্রেট সিনেটর জোসেফ বাইডেনের প্রস্তাব অনুযায়ী গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধ করার কোনও পরিকল্পনা তাদের নেই্। পেন্টাগন ২০০২ সালের জানুয়ারিতে এ বন্দিশিবিরটি চালু করে। এখানে ৫২০ জন বিদেশী বন্দি আটক রয়েছে, যাদের অধিকাংশকেই আফগানিস্থান থেকে গ্রেফতার করা হয়েছে।
সিনেটের বৈদেশিক সর্ম্পক উন্নয়ন কমিটির সদস্য ডেমোক্র্যাট বাইডেন রোববার বলেছিলেন, “বিশ্বব্যাপী সন্ত্রাসীদের নিয়োগ তালিকা সম্প্রসারণ করতে গুয়ান্তানামো একটি বড় ধরনের প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ কারণেই এ বন্দিশিবির রাখার কোনও প্রয়োজন নেই। ” তার এই দাবির প্রতি সিনেটের অন্যান্য ডেমোক্রেট সদস্যরাও সমর্থন জানিয়েছে।
কিন্ত হুইটম্যান বলেন, “গুয়ান্তানামো বিভিন্নভাবে মূল উদ্দেশ্য সাধন করছে। এখানে বন্দিদের অনেকেই অত্যন্ত ভয়ঙ্কর । তারা শুধুমাত্র আমেরিকারই ক্ষতি করছে না, আমাদের মিত্রদের উপরও আঘাত হানছে। আটককৃত বন্দিদের ছেড়ে দিলে তারা আবারও সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হবে।
মানবাধিকার কর্মীরা অনির্দ্দিষ্টকালের জন্য বন্দিদের গুয়ান্তানামো কারাগারে আটক রাখার কঠোর সমালোচনা করেছে এবং তাদেরকে নির্যাতন করার দায়ে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। তারা বলেছে, জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্দবন্দিদের সাথে যে আচরন করার কথা তা অমান্য করছে যুক্তরাষ্ট।
