২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপোলিয়নের গোয়েন্দা বানরের হাড় নিয়ে উত্তর-পূর্ব ইংল্যান্ডে চাঞ্চল্য

ব্রিটিশ সৈকতে প্রাপ্ত একটি বানরের হাড় বহুল প্রচলিত একটি ব্রিটিশ কিংবদন্তীকে আবার উস্কে দিয়েছে। কিংবদন্তী আছে যে, নেপোলিয়নের যুদ্ধের সময় এ বানরটি সাগরে ভেসে ভেসে তীরে উঠে আসে এবং নেপোলিয়নের গোয়েন্দা সন্দেহে স্থানীয় বিচারকরা সেই বানরটিকে মৃত্যুদণ্ড দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 04:26 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

হার্টলপুলের পুলিশ নিশ্চিত করেছে যে, ইংল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলে পাওয়া এক ফুট লম্বা ওই হাড়টি মানুষের নয়, কোনও বানর বা গরিলার।

এ হাড়ের সন্ধান লাভের মধ্য দিয়ে নেপোলিয়নের ১৭৯৩ থেকে ১৮১৫ সন পর্যন্ত ইঙ্গ-ফরাসি যুদ্ধের সময় প্রচলিত একটি লোকগাঁথার ব্যাপারে আগ্রহ আরও বেড়ে গেছে।

জনপ্রিয় সেই কিংবদন্তী অনুসারে ফরাসি ইউনিফর্ম পরিহিত একটি বানর হার্টলপুলের উপকূলের দিকে ভেসে আসে। স্থানীয় বিচারকরা ফরাসি গোয়েন্দা সন্দেহে তার বিচার চালান। প্রাণীটিকে তারা যেসব প্রশ্ন করেছিলেন সেসবের উত্তর দিতে না পারায় তারা তাকে দোষী সাব্যস্ত করেন এবং ল্যাম্পপোস্টে ঝুলিয়ে ফাঁসির আদেশ দেন।

যদিও এ লোককাহিনীর সত্যতা সম্পর্কে কিছু জানা যায় না, কিন্তু তারপরও হার্টলপুলের ফুটবল দল তাদের মাসকটে বানরের মতো পোশাক পরিয়ে একটি মানুষের প্রতীক ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে এবং তারা এটিকে ‘এইচ অ্যাংগুস’ নামে ডাকে।

উদ্ভট এই কাহিনীর মতো স্টুয়ার্ট ড্রামন্ড এ পোশাক পড়তে অভ্যস্ত ছিলেন। তিনি ২০০২ সালে হার্টলপুলের মেয়র নির্বাচিত হন। নির্বাচনী প্রচারণাও তিনি চালিয়েছিলেন এইচ অ্যাংগুসের ছদ্মবেশ পরে।

স্থানীয় প্রকাশক এবং লোককাহিনীর ঐতিহাসিক গবেষক আন্দ্রিয়ান লিডেল বলেছেন, এ আবিষ্কারের মাধ্যমে শহরে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি কিংবদন্তী সংক্রান্ত নতুন সংকলনে স্থানীয় লোকজনের আগ্রহ এবং বানরের কাহিনীর সত্যতার সম্ভাবনার বিষয়টিও সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন।

কিন্তু ঐতিহাসিকরা বড় বেরসিক। তারা বলছেন এ হাড় আবিষ্কারের মধ্য দিয়ে নির্জলা এক সত্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজ থেকে দু হাজার বছর আগে হার্টলপুলের আশাপাশের এলাকা বিশাল এক জঙ্গল ছিল, এ হাড় আবিষ্কার সেই সম্ভাবনারই জানান দেয়।

হার্টলপুল জাদুঘরের মার্ক সাইমন বলছেন, উপকূল রেখা পরিবর্তনের সাথে সাথে প্রবল স্রোত ওই বনটি ভেসে যায়। তিনি আরও বলেন, এ হাড়টি নেপোলিয়নের আমলের চেয়ে আরও বহু প্রাচীন। কিন্তু এতকিছুর পরও স্থানীয় লোকরা তাদের বিশ্বাসে অটল রয়েছেন।