আদভানির পাকিস্তান সফর, জিন্নাহ এবং আরএসএস
ভারতের বিরোধী দলীয় নেতা লাল কৃষ্ণ আদভানি তার সাম্প্রতিক পাকিস্তান সফর শেষ করেছেন। কিন্তু সফর শেষ হলেও নিজ গোষ্ঠীর মধ্যেই নয়া বিতর্কের জন্ম দিলেন।
পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর প্রশস্তি এবং তাকে একজন ধর্মনিরপেক্ষ নেতা হিসেবে আখ্যায়িত করায় ভারতীয় জনতা পার্টির সভাপতি লালকৃষ্ণ আদভানির উপর চটেছে তারই মুরুব্বি সংগঠন রাষ্টীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। কট্রর হিন্দুবাদী নেতা প্রবীণ তোগাড়িয়া এ বক্তব্যের জন্য আদভানিকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করে লোকসভা থেকে তার পদত্যাগ দাবি করেন।
অবশ্য বিজেপি এ ব্যাপারে এখনও মুখ খোলেনি। দলের মুখপাত্র প্রকাশ জাভদেকর বলেন, আদভানি দেশে ফিরে এ ব্যাপারে ব্যাখ্যা দেবেন।
আরএসএস মুখপাত্র রাম মাধব বলেছেন, আদভানির বক্তব্য সংঘের মূলনীতি এবং আদর্শ বিরোধী। আর জিন্নাহ ছিল ভারত বিভাগের মূল হোতা। তাদের বক্তব্য, জিন্নাহ ছিলেন একজন বিশ্বাসঘাতক। তাকে কিভাবে হিন্দু-মুসলমান ঐক্যের দূত বললেন আদভানি? বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেতা আচার্য গিরিরাজ কেশর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আদভানি নিজেকে ধর্মনিরপেক্ষ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে খুবই ব্যস্ত হয়ে পড়েছেন।
উল্লেখ্য বিজেপি সভাপতি এবং সংসদে বিরোধীদলীয় নেতা এল কে আদভানি তার জন্মভূমি পাকিস্তানে সাত দিনের সফরে গিয়েছিলেন, সাথে তার স্ত্রীও ছিলেন। করাচিতে জিন্নাহর সমাধিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর সময় তিনি তাকে একজন ধর্মনিরপেক্ষ নেতা হিসেবে আখ্যায়িত করেন।
আদভানির কট্রর সমালোচক কেন্দ্রীয় মন্ত্রী লালু প্রসাদ যাদব বলেন, আদভানি দেরীতে হলেও তার অন্তরের কথা বলেছেন, কিন্তু পরক্ষণেই প্রশ্ন রাখেন, তিনি নিজের জম্মস্থানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবেন কি করে?
আদভানি তার বক্তব্যের যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেন, ১৯৪৭ সালে পাকিস্তানের গণ পরিষদে জিন্নাহর ঐতিহাসিক ভাষণে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের প্রতিই ইঙ্গিত দেয়া হয়েছিল। তিনি বলেন, পাকিস্তান সরকার চাকভাল জেলায় কাটাস রাজ মন্দির পুন:নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আমাকে আমন্ত্রণ জানালে জিন্নাহর সেই ভাষণটির কথা আমার মনে পড়ে।
তিনি বলেন, “জিন্নাহ তার ভাষণে বলেছিলেন, রাষ্ট্রের দৃষ্টিতে প্রতিটি নাগরিকের সমান অধিকার এবং যার যার ধর্ম চর্চার স্বাধীনতা রয়েছে।”
‘টুওয়ার্ড’স জিন্না’স পাকিস্তান’ নামে জিন্নাহর ভাষণের কপিটি আদভানির মিডিয়া ম্যানেজার সাংবাদিকদের হাতে তুলে দেন। ১৯৪৭ সালের ১১ আগষ্ট কায়েদ-ই-আজম তার ভাষণে বলেছিলেন, “আপনি স্বাধীন। মন্দিরে যাওয়ার স্বাধীনতা আপনার রয়েছে, রয়েছে মসজিদে যাওয়ার অধিকারও। পাকিস্তানের একজন নাগরিক যেকোনও ধর্ম বা জাতের মানুষ হতে পারেন, রাষ্টের কাজকর্মের সঙ্গে তার কোনও সংযোগ নেই।”
তিনি বলেন, “ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মের নামে ধর্মান্ধতা, ঘৃণা, সহিংসতা বা অনৈতিকতার কোনও স্থান নেই। আবার ধর্মীয় মৌলবাদী এবং সন্ত্রাসীদের মদদ দেওয়ারও কোনও সুযোগ নেই। ”
আদভানি আরও বলেন, অবিভক্ত ভারত থেকে গড়ে উঠা বর্তমানের স্বাধীন সার্বভৌম দেশ পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের জন্য এ কথাগুলো খুবই প্রযোজ্য। একই সভ্যতার অনুসারী তিনটি দেশকেই ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনা লালন করতে হবে সত্যিকারের বিশ্বাস ও কর্মের মাধ্যমে।
তিনি বলেন, “আমি সেদিনের স্বপ্ন দেখি যেদিন ভগ্ন হৃদয়গুলো আবারও জোড়া লাগবে, বিভক্ত পরিবারগুলো পরস্পর মিলিত হওয়ার সুযোগ পাবে, এক দেশের হিন্দু, মুসলিম কিংবা শিখ তীর্থ যাত্রীরা অন্য দেশে তাদের পবিত্র ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারবে এবং মুক্ত বাণিজ্যের সুযোগ উন্মোচিত হবে।”
আদভানি বলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। কিন্ত বর্তমান শান্তি প্রক্রিয়াকে স্থায়ী রূপ দিতে হবে।
তিনি মনে করেন, জম্মু ও কাশ্মীরসহ প্রতিটি ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। এর থেকে পিছু হঠে আসার কোনও সুযোগ নেই।
