বেশিরভাগ আল-কায়দা সংশ্লিষ্ট শীর্ষ সন্ত্রাসী ইরানে আশ্রয় নিয়েছে : গোয়েন্দা প্রতিবেদন
গত কয়েক বছরের তথ্যপ্রমাণাদি থেকে যুক্তরাষ্ট্র ও বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত হয়েছে যে, ইরানের অভ্যন্তরে আল-কায়দা সংশ্লিষ্ট সন্দেহভাজন শীর্ষ সন্ত্রাসীরা লুকিয়ে রয়েছে।
আর তাদের উপস্থিতির ফলেই বুশ প্রশাসনের কাছে ইরান অব্যাহত সমস্যার সম্মুখীন হচ্ছে। বুশ প্রশাসন এর আগে সতর্ক করে দিয়েছিল যে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সন্দেহভাজন শীর্ষ সন্ত্রাসীরা অবস্থান করছে।
যুক্তরাষ্ট্র ও বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান, এসব তথ্যপ্রমাণাদিতে ১৯৯৬ সালে সৌদি আরবে খোবার টাওয়ারে বোমা হামলা এবং পরে গ্রেফতারকৃত সৌদি আরবের এক জঙ্গির কাছ থেকে একটি ভিডিও টেপ উদ্ধার রয়েছে। ওই ভিডিও টেপে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যে হামলা হয়েছিলো তার ব্যাপারে ওসামা বিন লাদেনকে নির্দেশ দিতে দেখা গেছে।
ওই সব গোয়েন্দা কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, পূর্ব ইরান থেকে গত বছর খালেদ বিন ওউদা বিন মোহাম্মদ আল-হারবিকে সৌদি গোয়েন্দা কর্মকর্তারা গ্রেফতার করে। ওসামা বিন লাদেনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার তিন বছর পর তাকে গ্রেফতার করা হয়। ভিডিও টেপে তাকে এবং ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা নিতে দেখা গেছে।
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, জিজ্ঞাসাবাদে আল হারবি আল-কায়দার সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে । এছাড়া তিনি আফগানিস্তানে মার্কিন সেনা অভিযান কালে কত জন আল-কায়দা সদস্য আফগানিস্তান হয়ে ইরানে আশ্রয় নিয়েছে তারও তথ্য প্রদান করেছে।
