২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুহার্তোর আমলে হারিয়ে যাওয়া মানবাধিকার কর্মীদের ব্যাপারে জিজ্ঞাসাবাদের মুখে ৩ ইন্দোনেশীয় জেনারেল

ইন্দোনেশিয়ার সাবেক স্বৈরশাসক জেনারেল সুহার্তোর শাসন আমলের শেষ দিকে নিখোঁজ ১৪ জন মানবাধিকার কর্মীর ভাগ্যে সত্যিই কি ঘটেছে তা জানাতে তিন জেনারেল জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 12:49 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

উল্লেখ্য, ১৯৯৭ সালের এপ্রিল এবং ১৯৯৮ সালের মে মাসে এই নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত আন্দোলনের মাধ্যমেই পতন ঘটে সুহার্তোর শাসনামলের। সুহার্তোর ৩২ বছরের শাসন আমলে সেনাবাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছিল।

এদের মধ্যে সাবেক আর্মড ফোর্স-এর প্রধান জেনারেল বিরান্ত গত বছর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিলেও ব্যর্থ হন। অন্য দুই জেনারেল প্রাভো সুবিনতো আর্মি স্পেশাল ফোর্স (কোপাসাস) ও স্ট্র্যাটেজিক রিজার্ভ কমান্ড (কোস্ট্রাড)-এর সাবেক প্রধান এবং সাফ্রি শামসুদ্দিন জাকার্তার সামরিক কমান্ডার ছিলেন।

ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস-এর অভিযোগের পর ইতোমধ্যে শুক্রবার প্রাভো সুবিয়ান্তো ও সাফ্রি শামসুদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল এবং জেনারেল

বিরান্তকে ১০ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

১৯৯৭ সালের এপ্রিল থেকে ১৯৯৮ সালের মে পর্যন্ত মোট ২৪ জন মানবাধিকার কর্মী নিখোঁজ হয়। এদের মধ্যে দশ জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি ১৪ জন এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতরা দাবী করছেন অপহরণকারী সমর কর্তাদের দ্বারা তারা নির্যাতিত হয়েছেন। এটর্নি জেনারেল ও পুলিশের সহায়তায় মানবাধিকার কমিশন এদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।