২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের আগে পলায়ন ও মিথ্যা বিবৃতি দেয়ার অভিযোগে এক কনের জরিমানাসহ ২ বছরের জেল

জেনিফার উইলব্যানক এবং তার হবু বর জন ম্যাসন জর্জজিয়ার কাউন্টি আদালতে হাজির হয়েছেন তবে তাদের বিরুদ্ধে যে মিথ্যা বিবৃতির অভিযোগ আনা হয়েছে তা খন্ডন করতে নয়, বরং স্বীকার করতে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

আদালত উইলব্যানককে (৩২) জরিমানাসহ দুই বছরের কারাদণ্ড দিয়েছে এবং ১২০ ঘন্টা সমাজসেবায় ব্যয় করার আদেশ দিয়েছে।

উইলব্যানক তার বিয়ে অনুষ্ঠানের কয়েকদিন আগেই লাপাত্তা হয়ে যান। প্রকৃত ঘটনা ফাঁস হওয়ার আগে তিনি সবাইকে বলে বেড়িয়েছেন যে, তাকে অপহরণ করা হয়েছিল।

উইলব্যানক বিচারকের সামনে এ ব্যাপারে ক্ষমা চেয়ে বলেন, আমি আমার কৃতকর্মের জন্য অত্যন্ত দুঃখিত। আমি এ ব্যাপারে গুইনেট কাউন্টি এবং সিটি অব ডুলুচকে ধন্যবাদ জানাতে চাই।

আদালতের রায়ে উইলব্যানককে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেয়া অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং ২৫৫০ মার্কিন ডলার জরিমানা পরিশোধ করতে বলা হয়েছে।

উইলব্যানক গত ২৬ এপ্রিল ডুলুচের বাড়ি থেকে তার বিয়ের চারদিন পূর্বে নিখোঁজ হন। তার বিয়ের অনুষ্ঠানে ৬০০ অতিথিকে নিমন্ত্রন করা হয়েছিল। তিনি তার হবু বরকে বাইরে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন, কিন্তু তারপর আর ঘরে ফিরেননি।

তিনদিন পর তাকে নিউ মেক্সিকোর আলবুকুয়ারকোতে দেখা যায়। সেখানে তিনি পুলিশকে জানান তাকে অপহরণ করা হয়েছে এবং তার ওপর যৌন হয়রানি করা হয়েছে।

তার পরিবার জানায় তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। উইলব্যানক ইতোমধ্যে জনসমক্ষে তার দোষ স্বীকার করে বলেছেন, আমি আসলে নিজের কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছি। একটা সুক্ষ ভীতি আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে।

স্থানীয় আইনজীবি ড্যানি পোর্টার জানান, উইলব্যানক যদি তার প্রবেশন যথারীতি সম্পন্ন করতে পারেন তাহলে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ খারিজ করা হবে।