২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদেশিক বিষযাদিতে আমরা যুক্তরাষ্ট্রের আস্থাভাজন সহযোগী: ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের সাংবিধানিক সংকট তীব্র হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রকে এই মর্মে আশ্বস্ত করার চেষ্টা করছে যে, বৈদেশিক বিষয়াদি, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংক্রান্ত বিষয়াদিতে তারা এখনও যুক্তরাষ্ট্রের আস্থাভাজন এক সহযোগী। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 12:27 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

চলতি সপ্তাহেই ফ্রান্স ও নেদারল্যান্ড গণভোটে প্রস্তাবিত ইইউ সংবিধানকে খারিজ করে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে ইইউ নেতারা বলার চেষ্টা করছেন যে, এর ফলে ইইউ অকেজো হয়ে পড়বে এমনটি ভাবার কোনও কারণ নেই। বৃহস্পতিবার ইইউ-এর বিদেশ নীতি বিষয়ক প্রধানগণ ওয়াশিংটনকে এমন বার্তাই পাঠিয়েছেন।

ইউ-এর বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিশনার বেনিটা ফেরেরো ওয়াল্ডনার বলেন, এটা যদিও বাস্তব, গুরুত্ববহ এবং বড় ধরনের একটি সমস্যা, তারপরও আমরা এক সাথে কাজ করে যাব এবং সকল গুরুত্বপূর্ণ কাজে যুক্তরার্ষ্টের সাথে থাকব। আমাদের সহযোগিতার বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না।

তিনি আরও বলেন, অনেকেই মনে করছেন যে, আমরা আমাদের সমস্যা মেটাতেই অধিক ব্যস্ত হয়ে পড়ব। বিদেশ প্রসঙ্গে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার প্রশ্নে, আমরা সময়ই দিতে পারব না।

এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিজা রাইসকে বলেন, এরকম হওয়ার কোনও যুক্তি সঙ্গত কারণ নেই, আমি আপনাকে আশ্বস্ত করছি বিষয়টি আদৌ এরকম নয়।

রাইসও আশাবাদ ব্যক্ত করে বলেন, ইউ বৈদেশিক বিষয়ে, বিশেষ করে ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া, লেবাননে গণতন্ত্রায়ন ইত্যাদি ব্যাপারে যুক্তরাষ্ট্রের সহযোগী হতে পারে। এছাড়া সারা বিশ্বে গণতন্ত্রায়নের জন্য যুক্তরাষ্ট্র যে সংগ্রাম পরিচালনা করছে তাতে সর্বাত্মক সহায়তা দিতে পারে।

ওই যৌথ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ইউ-এর বিদেশ বিষয়ক প্রধান জেভিয়ার সোলানাও উপস্থিত ছিলেন।