ই ইউ সংবিধানকে নেদারল্যান্ডের ‘না’
ইউরোপীয় ইউনিয়নের সংবিধান প্রত্যাখ্যান করেছে নেদারল্যন্ডের ভোটাররা।
আপাত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ৬১ দশমিক ৬ শতাংশ ভোটার এই সংবিধান প্রশ্নে ‘না’ সূচক রায় দিয়েছে। ‘হ্যাঁ’ বলেছে মাত্র ৩৮ দশমিক ৪ ভাগ।
ফরাসী ভোটাররা ইউ সংবিধানকে বাতিল করার পর নেদারল্যান্ডের ভোটাররাও তা বাতিল করে দিল।
প্রধানমন্ত্রী জ্যান পিটার বলকেনেডি ‘হ্যা’ ভোটের জন্য প্রচারণা চালিয়েছিলেন। তাই স্বভাবতই এই ফলাফলে তিনি খুব হতাশ হয়েছেন। তারপরও ভোটের ফলাফল তার সরকার মেনে নেবে বলে তিনি জানান।
এখনও কিছু পোষ্টাল ব্যালট গণনা বাকি থাকায় ৬ জুনের আগে সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে না।
জার্মানী সহ মোট ৯ টি দেশ এই সংবিধান অনুমোদন করেছে। কিন্তু এই সংবিধানকে আইনে রুপায়নের জন্য ২৫ টি সদস্য রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন।
নেদারল্যান্ডের ডান পন্থী রাজনীতিবিদ ছাড়াও ‘না’ সমর্থকরা ব্রাসেলসের শক্তিমত্তা ও নেদারল্যান্ডের জনগণকে রক্ষায় রাজনীতিবিদদের সামর্থ্যরে ব্যাপারে উদ্বিগ্ন। একক সংবিধানের ফলে তাদের কিছু কিছু স্বাধীনতা খর্ব হতে পারে বলেও তারা মনে করছেন। কোমল ড্রাগস এবং সমকামী বিয়ের ব্যাপারে ব্রাসেলস হস্তক্ষেপ করতে পারে বলেও তারা মনে করছেন। এছাড়াও একক মুদ্রা ব্যবস্থা ইউরো এবং ইইউ-এর দ্রুত সম্প্রসারণের ব্যাপারেও তাদের অসম্মতি রয়েছে।
এদিকে মধ্য ডানপস্থী সরকার এবং গুরুত্বপূর্ণ দলগুলো খসড়া সংবিধানকে সমর্থন করেন। তারা মনে করেন, এতে করে ইউরোপে নেদারল্যান্ডের প্রভাব বাড়বে।
গত রবিবার ৫৫ শতাংশ ফরাসী ভোটার ‘না’ ভোটের মাধ্যমে একক ইউরোপীয় সংবিধান বাতিল করে দেয়।
