প্রসঙ্গ ইরাক যুদ্ধ: ডাউনিং স্ট্রিটের অফিস মেমো অগ্রাহ্য করেছিল বুশ প্রশাসন
সাদ্দাম হুসেনের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র মজুদ করার অভিযোগের পরিপ্রেক্ষিতে ইরাকে হামলা চালান প্রেসিডেন্ট বুশ। অথচ এ অভিযোগ যে মিথ্যা এবং বুশ প্রশাসন যে এতদসংক্রান্ত তথ্য অপব্যবহার করেছে তার বেশ কিছু প্রমাণ বৃটিশ সরকারের অফিস মেমোতে উল্লেখ করা হয়েছিল।
কিন্তু গণমাধ্যমে তা সামান্যই গুরুত্ব পেয়েছে এবং যুক্তরাষ্ট্র সরকারও তা তেমন আমলে নেয়নি। ফলে ইরাক যুদ্ধের বিপক্ষে অবস্থানকারীরা বেশ হতাশই হয়েছেন।
লন্ডনের সানডে টাইমসে মে’র ১ তারিখে প্রথম প্রকাশিত ‘ডাওনিং স্ট্রিট মেমো’ শিরোনামে প্রকাশিত খবরে ২০০২-এর ২৩ জুলাই প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথে তার জাতীয় নিরাপত্তা টিমের সভার সারমর্ম তুলে ধরা হয়। ২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরুর আগেই এই মেমো ইস্যু করা হয়েছিল।
মেমোতে বলা হয়েছিল, বৃটিশ গোয়েন্দা বিশেষজ্ঞরা আগে থেকেই জানতেন যে, বুশ প্রশাসন সাদ্দাম হুসেন বিশ্বের জন্য হুমকিস্বরূপ-এই মর্মে কোনও সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই যুদ্ধর শুরু করতে যাচ্ছে।
ব্লেয়ারের উপদেষ্টা ম্যাথিউ রাইক্রোফটের লেখা এই মেমোতে পররাষ্ট্র মন্ত্রী জ্যাক স্ট্র বুশকে ইঙ্গিত করে বলেছেন, ‘এটা পরিষ্কার’ যে, বুশ ইতোমধ্যে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টিকে খুবই দুর্বল উল্লেখ করে স্ট্র বলেন, সাদ্দাম তার পার্শ¦বর্তী দেশসমূহের জন্য কোনও হুমকি নন, বরং লিবিয়া, উত্তর কোরিয়া বা ইরানের চেয়েও ইরাকের গণবিধ্বংসী অস্ত্র মজুদ ক্ষমতা কম।
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদপত্রে বিক্ষিপ্তভাবে মেমো সম্বন্ধে লেখালেখি হলে কংগ্রেসের ৮৮ জনেরও বেশি ডেমোক্রেট প্রতিনিধি প্রেসিডেন্ট বুশের কাছে দুটি চিঠি পাঠিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
রিপাবলিকান দলের জন কনইয়ার্স বলেন, গণমাধ্যমে বিষয়টি যথেষ্ট গুরুত্ব না পাওয়ায় বুশ তাতে কর্ণপাত করেননি।
কেবল কিছু উদারপন্থী এবং বিকল্প ধারার কিছু গণমাধ্যম বিষয়টিকে জিইয়ে রেখেছিল। কিন্তু তাও খুব সীমিত আকারে। ক্যাবল চ্যানেল ও সংবাদপত্রে ডাউনিং স্ট্রিটের মেমো প্রসঙ্গটি গুরুত্বই পায়নি।
এদিকে হোয়াইট হাউস মূখপাত্র স্কট ম্যাক্লিলান বলেন, মেমোর প্রতি সাড়া দেয়ার কোনও ‘প্রয়োজন নেই’। তিনি অবশ্য এগুলোর যথার্থতা নিয়ে অস্বীকৃতিমূলক কোনও মন্তব্য করেননি।
