২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার খ্রিস্টান অধ্যুষিত শহরে বোমা হামলায় ৫ জন গ্রেফতার

ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় বোমা হামলার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে পোসোর স্থানীয় একটি সংগঠন জেইলের প্রধানও রয়েছে। বুধবার ইন্দোনেশিয়ার পুলিশের একজন মুখপাত্র একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সুলাবেশি দ্বীপের টেনটেনা শহরের একটি ব্যস্ততম বিপণীবিতানে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। অবশ্য ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ খ্রিস্টান অধ্যুষিত শহরে বোমা হামলার জন্য উগ্রবাদী মুসলিম সংগঠনকে দায়ী করে আসছে।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সোয়েনার্কো দানোয়ারওয়ান্দো বলেন, “বোমা হামলায় তারা প্রকৃতভাবে জড়িত ছিলো কি না তা এখনই বলা অসম্ভব।”

পোসোর একটি স্থানীয় সংগঠন জেইলের নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি বিস্তারিত বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

মধ্য সুলাবেশি দ্বীপে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সহিংসতায় ২০০১-০২ সাল পর্যন্ত কমপক্ষে ১ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। সহিংসতা বন্ধে শান্তি চুক্তি সম্পাদিত হলেও এখনো বোমা হামলা ও হত্যা অব্যাহত রয়েছে। আর এসব হামলার বেশিরভাগই শিকার হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন।

উল্লেখ্য. গত সপ্তাহের শেষ দিকে সুলাবেশি দ্বীপের টেনটেনা শহরের খ্রিস্টান অধ্যুষিত একটি বাজারে পর পর দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়।